মৃত্যুর মিছিলে আনোয়ারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা আনোয়ারা বেগমের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না মেয়ে নাসিমা বেগম
মা আনোয়ারা বেগমের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না মেয়ে নাসিমা বেগম

রক্তে ভেসে গেছে মাথা। রাস্তায় পড়ে ছটফট করছিলেন হতদরিদ্র আনোয়ারা বেগম (৫০)। আর আশপাশে জটলা পাকিয়ে তা দেখছিলেন বহু মানুষ। এগিয়ে আসেননি কেউই। কেটে যায় প্রায় ২০ মিনিট। খবর পেয়ে হন্তদন্ত হয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আনোয়ারা
আনোয়ারা

মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের শান্তিপুরে বাসায় ফেরার পথে এক ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন আনোয়ারা। মালিবাগে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের খাবার রান্নাবান্নার কাজ করতেন তিনি।
গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর ভাগনে সোবহান ফরাজি প্রথম আলোকে বলেন, ‘খবর পাইয়া দৌড়াতে দৌড়াতে গিয়া দেখি, খালা ছটফট করতাছে। পুলিশি ঝামেলার ভয়ে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নাই।’
সাম্প্রতিক হরতাল-অবরোধে প্রাণ গেছে আনেকের। আনোয়ারাকেও যেতে হলো সেই মৃত্যুর মিছিলে। নিহতদের অনেকেই দরিদ্র পরিবারের একমাত্র সম্বল।
আনোয়ারাও ছিলেন সে রকমই একজন। তাই গতকাল মর্গে স্বজনদের বুকফাটা আর্তনাদ জানান দেয়, কত ঘোর অন্ধকারে পড়ে গেছে আনোয়ারার পরিবার।
সাত-আট বছর আগে মারা গেছেন আনোয়ারার স্বামী দেলোয়ার কাজী। দুই ছেলে ও এক মেয়ে তাঁদের। বড় ছেলে মো. আলম ও মেয়ে নাসিমা বেগমের সন্তানকে নিয়ে শান্তিপুরে এক টিনশেডের বাসায় থাকতেন আনোয়ারা। আলম আগে রিকশা চালাতেন, এখন অসুস্থ। আলমের স্ত্রী-সন্তান থাকেন খুলনায়। দুই নাতির লেখাপড়ার খরচ তো ছিলই, আলমের সংসারের ভরণপোষণও করতেন আনোয়ারা।

কাঁদতে কাঁদতে মেয়ে নাসিমা বলেন, আনোয়ারা মাসে সাড়ে তিন হাজার টাকা বেতন পেতেন। ১২০০ টাকা বাসা ভাড়া দেওয়ার পর নিজের কাছে কিছু রাখতেন। বড় ছেলের সংসারের জন্য পাঠাতেন এক হাজার টাকা। নাসিমা বলেন, ব্যাংকে কর্মচারীদের খাবারের অবশিষ্ট থাকলে তিনি তা বাসায় এনে ছেলে ও নাতিনের সঙ্গে ভাগ করে খেতেন। মঙ্গলবারও খাবার নিয়ে বাসায় ফিরছিলেন তিনি।

এদিকে মর্গ থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে একই রকম আর্তনাদ। আইসিইউর সামনে বিকেলে কথা হয় সোহেল নামের এক লেগুনাচালকের সঙ্গে। তাঁর ভাই মোজাম্মেল হক সেখানে চিকিৎসাধীন ছিলেন। চোখ মুছতে মুছতে সোহেল বলেন, ‘মাদারটেক থেইকা যাত্রী নিয়া রামপুরায় আসছিল মোজাম্মেল। হেরপর লেগুনা থামাইয়া আগুন দেয়। হাসপাতালে মোজাম্মেল বলছে, পেট্রল ঢালার পর সে বাইর হইতে চাইছিল। কিন্তু আগুন দেওয়া পোলাপাইনগুলা দরজা আটকাইয়া ধরে রাখছিল বইলা সে বাইর হতে পারে নাই।’ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় অবরোধ সমর্থনকারীরা লেগুনায় আগুন ধরিয়ে দিলে চালক মোজাম্মেলের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। বার্ন ইউনিটের আইসিইউতে গতকাল রাত পৌনে একটার দিকে লেগুনাচালক মোজাম্মেল মারা যান।

আইসিইউর পাশে একটি কক্ষে দগ্ধ অবস্থায় হাঁপাচ্ছিলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাবেদ আলী। পাশে আতঙ্কিত স্ত্রী আলেয়া খাতুন। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনে তাঁর অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। সাবেদ বলেন, ‘বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। কী অপরাধ করছিলাম, ভাই?’ স্ত্রী আলেয়া বললেন, ‘এক হাজার টাকা ধার কইরা হাসপাতালে ছুইটা আসছি। এহন সব শেষ। কী করমু, পোলাপাইনরে কী খাওয়ামু, জানি না।’

আলেয়ার মতো সন্তানদের ভরণপোষণের চিন্তায় আছেন নাসিমা বেগম। গত সোমবার সন্ধ্যায় কুমিল্লায় সিএনজিতে দেওয়া আগুনে পুড়ে যায় তাঁর স্বামী চালক মো. রুবেলের শরীর। কুমিল্লায় বাসায় তিন সন্তানকে রেখে স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছেন তিনি। পাশেই শরীরের জ্বালাপোড়ায় চিৎকার করতে করতে রাজনীতিকে গালিগালাজ করছিলেন রুবেল। প্রথম আলোকে বললেন, ‘গত বছর ভোট দিছিলাম। কেউ ভালো না। আগে সুস্থ হইয়া লই, আর কেউরে ভোট দিমু না।’