মৃত্যুর মিছিলে থাকা পোশাকশ্রমিকের সঠিক তালিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের তালিকায় অনেক দিন ধরেই শীর্ষে রয়েছে তৈরি পোশাকশিল্প খাত। এই শিল্পে কত শ্রমিক কাজ করেন, এর সুনির্দিষ্ট কোনো তালিকা এখনো কারও কাছে নেই। এতে যেকোনো দুর্ঘটনা বা অন্য কোনো প্রয়োজনে শ্রমিকদের সঠিক সংখ্যা পাওয়া নিয়ে বারবারই ধোঁয়াশার সৃষ্টি হয়। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএকে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের তথ্য ব্যাংক (ডেটাবেইস) তৈরির দায়িত্ব দেওয়া হলেও আজও তা পূর্ণাঙ্গ হয়নি।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ড এবং এর পাঁচ মাসের মাথায় ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকের সঠিক সংখ্যা আজও জানা যায়নি। ফলে অনেক শ্রমিকের পরিবার বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য পাওনা থেকে। তাজরীন দুর্ঘটনার পর শ্রমিক ডেটাবেইস তৈরিতে আরও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সাড়ে চার বছরেও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২ হাজার ১৭০টি কারখানার শ্রমিকদের নাম ডেটাবেইসে তালিকাভুক্ত করা হয়েছে। ৯১৫টি কারখানা এখনো এ তালিকায় যুক্ত হয়নি। তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় ১২ লাখ। তবে আগামী জুনের মধ্যে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিজিএমইএর সহসভাপতি ফেরদৌস পারভেজ। তিনি বলেন, ‘তালিকাভুক্তির কাজটি একটু সময়সাপেক্ষ ব্যাপার। নতুন শ্রমিকদের তালিকা করা হচ্ছে শুরু থেকেই। তবে পুরোনো শ্রমিকদের তালিকায় আনতে একটু সময় লাগছে।’

বিজিএমইএর তথ্যমতে, ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বিজিএমইএর সদস্যসংখ্যা ছিল ৪ হাজার ২০০। তার মধ্যে সচল কারখানা ছিল ৩ হাজার ৮৫টি। বাকিগুলোতে উৎপাদন বন্ধ ছিল। সচল কারখানাগুলোর মধ্যে অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের সুপারিশে বন্ধ হয়েছে প্রায় ২০০টি কারখানা। ফলে বর্তমানে বিজিএমইএর সচল সদস্য কারখানার সংখ্যা ২ হাজার ৮৮৫।

তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা প্রায় পাঁচ হাজার। অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁদের তথ্যমতে, বর্তমানে ৪ হাজার ৮০০টির বেশি সচল পোশাক কারখানা রয়েছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে সঙ্গে নিয়ে তাঁরা এ পর্যন্ত ৩ হাজার ৭৮০টি কারখানা পরিদর্শন করেছেন। আরও ৯০০টির মতো কারখানা বাকি রয়েছে। পোশাক কারখানার শ্রমিকদের ডেটাবেইস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘২০০৮ সালে বিজিএমইএকে ডেটাবেইস তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই তারা কাজ শুরু করে। বর্তমান কমিটিও এ বিষয়ে কাজ করছে। ডেটাবেইস তৈরির সম্পূর্ণ দায়িত্ব বিজিএমইএর। তবে আমরাও এ বিষয়ে উদ্যোগ নিচ্ছি।’

রানা প্লাজা দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি সুবিধা) বাতিল করে দেয়। সেটি ফিরে পাওয়ার জন্য তারা যেসব শর্ত আরোপ করে, এর মধ্যে অন্যতম ছিল শ্রমিক ডেটাবেইস তৈরির বিষয়টি। তবে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিকদের ডেটাবেইস তৈরির জন্য কেউ কোনো শর্ত দেয়নি। আমরা স্ব-উদ্যোগেই এটি করছি। কারণ, যখন কোনো কারখানায় দুর্ঘটনা ঘটে, তখন অনেকে ভুল তথ্য দেয়। সে কারণে সঠিক তথ্য-পরিসংখ্যান রাখার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। ২০০৮ সালে ম্যানুয়ালি তালিকা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ২০১২ সালে এটি ডিজিটাল ফরম্যাটে করার কাজ শুরু হয়েছে। এ বছরের মধ্যেই ডেটাবেইস তৈরির কাজ শেষ হয়ে যাবে।’

বিজিএমইএ সভাপতি বলেন, আগে এটি সাধারণ তথ্যভান্ডার হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এটি বাধ্যতামূলক হয়ে গেছে। কারণ, শ্রমিক কল্যাণ ফান্ড থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হবে, সেগুলো পেতে হলে ডেটাবেইসে তালিকাভুক্ত শ্রমিক হতে হবে। তালিকায় নাম না থাকলে কেউ সুবিধা পাবেন না।

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ডেটাবেইস তৈরির জন্য বিজিএমইএকে দায়িত্ব দেওয়া হলেও তারা কাজ শুরু করেছে অনেক দেরিতে। এ ক্ষেত্রে প্রকল্পের ব্যয়ভার বহন করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে বিজিএমইএ কাজ কিছুটা এগিয়ে নিলেও বিকেএমইএ এখনো অনেক পিছিয়ে আছে। তিনি বলেন, ‘ডেটাবেইস তৈরির কাজটি যদিও বেসরকারি পর্যায়ে কারখানাগুলো করছে, তবে এটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা শ্রম মন্ত্রণালয় করলে আরও ভালো হতো। কারণ, এসব তথ্য ব্যবহারে অনেক ঝুঁকি আছে। ডেটাবেইস ব্যবস্থাপনার বিষয়টি যেন শুধু মালিকপক্ষের হাতে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। সে ক্ষেত্রে মালিক-শ্রমিক-সরকার মিলে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা যেতে পারে।’

বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যের বাইরে আরও যেসব কারখানা রয়েছে, তাদেরও এই ডেটাবেইসের আওতায় নিয়ে আসতে হবে বলে জানান গোলাম মোয়াজ্জেম। আর এ জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকেই দায়িত্ব নিতে হবে বলে তাঁর মত।