মৃত্যুর মুখে ইছামতী, খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর নাম ইছামতী৷ একসময় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে ঢাকার নবাবগঞ্জ হয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান পর্যন্ত নদীতে লঞ্চ চলত৷ এখন নৌকাও চলতে পারে না৷ কোথাও একদম পানি নেই৷ কোথাও হাঁটুপানি থাকলেও কচুরিপানায় ঢেকে আছে৷ কচুরিপানার পচনে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, মশার বসতি৷
পদ্মা নদী থেকে ইছামতীতে পানি ঢোকার বিভিন্ন খাল দখল, ভরাট ও বাঁধ সৃষ্টি করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷ এখন শুধু ভরা বর্ষায় ইছামতীতে ধলেশ্বরী নদীর পানি ঢুকলেই কিছু নৌকা চলতে পারে৷ এ অবস্থায় ইছামতীকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে খননের দাবি উঠেছে৷
যোগাযোগ করা হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, সরকারের নদী খনন প্রকল্পে ইছামতী প্রথম তালিকায় আছে৷ ইছামতী নদী খননে ড্রেজার পাঠানো হয়েছিল৷ কিছু সমস্যার কারণে তা বন্ধ রয়েছে৷ খুব দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে ইছমতীকে সচল করা হবে৷
সাবেক গণপরিষদের সদস্য ও নবাবগঞ্জের বাসিন্দা সুবিদ আলী টিপু জানান, ১৯৭২ সালে ইছামতীকে সচল করতে কোমরগঞ্জ থেকে মরিচা পর্যন্ত ১০ কিলোমিটার খনন করা হয়৷ ধলেশ্বরী নদীর সঙ্গে সংযোগ দেওয়া হয়৷ ফলে ঢাকার সঙ্গে কলাকোপা বান্দুরার নদীপথের দূরত্ব কমে আসে৷ সারা বছর নৌ-চলাচলের জন্য ইছামতী সচল থাকে৷ পরে ১৯৭৭ সালে তৎকালীন ঢাকা-১-এর (দোহার) সাংসদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন নুরুল হক ইছামতী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন করেন৷
দোহার-নবাবগঞ্জের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, ১৯৯৬ সালে সরকার ঢাকার দোহার-নবাবগঞ্জ ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করতে দোহারের অরঙ্গাবাদ থেকে মানিকগঞ্জের হাটিপাড়া বংখুরী পর্যন্ত ১৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে৷ এতে ইছামতীর সঙ্গে পদ্মার সংযোগ খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়৷
সরেজমিনে ইছামতী নদীর তীর ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মার সঙ্গে যুক্ত নবাবগঞ্জের সাদাপুর খাল, আড়িয়ল বিলের গোবিন্দপুর খাল, কার্তিকপুর ও কাশিয়াখালীতে বাঁধ দিয়ে ইছামতীতে পানিপ্রবাহের পথ বন্ধ করে দেওয়া হয়েছে৷ বেশির ভাগ স্থানেই নদী শুকিয়ে গেছে৷ তবে নদীর সৈয়দপুর, মরিচা, ভাঙ্গাভিটা, হরিস্কুল, কলাকোপা পোদ্দার বাজার, ধাপারী, গোল্লা, বান্দুরা, নয়ানগর, বারুয়াখালী ও শিকারীপাড়াসহ বিভিন্ন স্থানে সামান্য ময়লা পানি জমে আছে৷ সেখানে কচুরিপানা ও মশার স্তূপ৷ কচুরিপানা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে৷
বান্দুরা বাজারের ব্যবসায়ী সত্যরঞ্জন হালদার বলেন, আগে নৌপথে কম খরচে বেশি মালামাল বহন করা যেত৷ এখন সড়কপথে অতিরিক্ত পরিবহন খরচ, তার ওপর চাঁদা প্রদানসহ নানা কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়৷ এতে ব্যবসায় লাভ হচ্ছে খুব কম৷ পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে৷ নদী খনন করা হলে স্বল্প খরচে নৌযানে মালামাল বহন করা যাবে৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ইছামতী নদীতে পানিপ্রবাহ সচল রাখতে পরিকল্পিতভাবে খনন করা প্রয়োজন৷ এ বিষয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে শিগগিরই যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷