মৃত্যুর মুখে তরুণী
রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক তরুণী মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর মা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রোগীর নাম শারমিন সরকার (১৮)। শারমিনের মা সুফিয়া সরকার বলেন, শারমিনের জিহ্বার গোড়ার দিকে সিস্ট ছিল। তাঁরা অস্ত্রোপচার করাতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। ৩ জুন নাক, কান, গলা বিভাগের প্রধান ফিরোজ আহম্মেদ খানের অধীনে শারমিন ভর্তি হন। ৪ জুন শারমিনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে এলে শারমিনকে পোস্ট অপারেটিভে স্থানান্তর করা হয়। সেখানেই শারমিনের অবস্থার অবনতি হয়। হাসপাতালের পরিচালক বরাবর লেখা অভিযোগপত্রে সুফিয়া সরকার বলেছেন, ‘অপারেশনের পর আমার বাচ্চাটাকে ঠিকমতো পরিচর্যা না করার কারণে ওর অবস্থার অবনতি হয়।’
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, পোস্ট অপারেটিভে শারমিনকে সংশ্লিষ্ট চিকিৎসকেরা দেখতে যাননি। একপর্যায়ে শারমিনের হৃৎপিণ্ড ও মস্তিষ্ক অকেজো হতে শুরু করে। চিকিৎসায় হৃৎপিণ্ড কাজ করতে শুরু করলেও মস্তিষ্ক আর কাজ করছে না। তাঁর অবস্থার অবনতি হচ্ছে।
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালের পরিচালক এ বি এম শাহজাহান বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগে তাঁরা কিছু বলতে পারছেন না।