মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ মিতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন মিতু আক্তার (২৫)। আগুনে পুড়ে গেছে তাঁর সারা শরীর। কষ্টে চিৎকার করছেন, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন।

চিকিৎসকেরা বলছেন, মেয়েটির বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই।

পরিবারের অভিযোগ, শ্বশুর-শাশুড়ির অত্যাচার সইতে না পেরে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

পটুয়াখালীর বাউফলের ধান্দি গ্রামে দুই সন্তানসহ স্বামীর বাড়িতে থাকেন মিতু। শুক্রবার দুপুরে সেখানেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

 মিতুর বড় ভাই সংবাদকর্মী মাসুদ রানা প্রথম আলোকে বলেন, মিতুর স্বামী মিজানুর রহমান গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। শ্বশুর আলতাফ হোসেন হাওলাদার ও শাশুড়ি হালিমা বেগম প্রায় সময় মিতুর ওপর মানসিক নির্যাতন করেন।

মাসুদ রানা বলেন, ‘মিতু দুই সন্তানের জননী। ছেলে ইব্রাহিমের ছয় ও মেয়ে মারিয়া আক্তারের বয়স আট মাস। শুক্রবার ইব্রাহিম বর্ষার পানিতে খেলতে গেলে তাকে শাসন করে মিতু। এতে ক্ষিপ্ত হয়ে তার শ্বশুর-শাশুড়ি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। এ ঘটনাসহ দীর্ঘদিন ধরে চলে আসা অমানবিক নির্যাতন শেষ পর্যন্ত সইতে না পেরে মিতু এ ঘটনা ঘটায়।’

মাসুদ জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামে। আট বছর আগে বাউফলের ধান্দি গ্রামের মিজানুরের সঙ্গে বিয়ে হয়।

মিতুর স্বামী বলেন, মিতুদের পরিবার ঢাকার মাতুয়াইলে থাকেন। ঘটনার সময় তিনি মাতুয়াইলেই ছিলেন। তবে তাঁর মা-বাবার সঙ্গে মিতুর ঝগড়া হতো। শুক্রবার ঝগড়ার পর ফোন করে মিতুকে ঝামেলা এড়াতে তাঁর মা-বাবার সামনে সন্তানদের শাসন করতে নিষেধ করেন তিনি। বেতন বাড়লে সন্তানসহ তাঁকে ঢাকায় নিয়ে আসার কথাও বলেছিলেন বলে জানান তিনি।

বার্ন ইউনিটের জাতীয় প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, মিতুকে গতকাল দুপুরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তাঁর শরীরের ৯৫ শতাংশের বেশি পুড়ে গেছে। চিকিৎসার কোনো সুযোগ নেই। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বাউফল থানার ওসি নরেশচন্দ্র কর্মকার বলেন, ‘থানায় কোনো অভিযোগ না এলেও ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। মিতুর শ্বশুর বয়স্ক মানুষ। তিনি পুলিশকে কিছু বলতে পারেননি।’