মৃত্যুর সঙ্গে লড়ছেন আবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটোর্ধ্ব আবেদ আলীর বাঁ চোখ নষ্ট হয়ে গেছে। পাঁজরের বাঁ পাশের আটটি হাড় ১২ জায়গায় এবং ডান পাশের একটি হাড় ভেঙেছে। বাঁ হাত কনুইয়ের ওপরে ভেঙে আলাদা হয়ে গেছে। বাঁ পা হাঁটুর ওপরে ও নিচে দুই জায়গায় ভেঙেছে। ভেঙেছে মাথার হাড়ও।
আবেদ আলী ঢাকা সিটি করপোরেশন উত্তরের পরিচ্ছন্নতাকর্মী। ঈদুল আজহার পরদিন গত ১৪ সেপ্টেম্বর শেওড়াপাড়ার হাজি আশ্রাফ আলী সুপার মার্কেটের সামনে একটি বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় তাঁর সবকিছু উল্টে গেছে। দুর্ঘটনার পর ১৪ দিন আবেদ আলী অজ্ঞান ছিলেন। এরপর জ্ঞান ফিরলেও গত দুই মাস তাঁর কেটেছে পঙ্গু হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং দুটো বেসরকারি হাসপাতালের শয্যায়।
শেওড়াপাড়ার ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগম (৬০)।
দুর্ঘটনার পর তদন্তে পুলিশ জানায়, গাড়িটির মালিক আশিকুর রহমান খান। তিনি পেশায় একজন ঠিকাদার। দুর্ঘটনার সময় তাঁর ছেলে নাসিফ খান গাড়িটি চালাচ্ছিলেন, সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। এরই মধ্যে এ মামলার একমাত্র আসামি নাসিফ খান গত রোববার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালত থেকে জামিন নিয়েছেন।
সেরে উঠতে বছর লেগে যাবে
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আহুতিয়া গ্রামে যাওয়ার কথা ছিল আবেদ আলীর। কিন্তু শেষমেশ পরিবারের অন্য সদস্যরা বাড়ি চলে গেলেও তিনি ও তাঁর এক ছেলে ঢাকায় রয়ে গিয়েছিলেন। আবেদ আলীর ছেলে মো. আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময়ও কাজ থাকায় বাবা বাড়ি যেতে পারেননি। ঘটনার দিন রাস্তার পাশে বাবাকে রেখে তাঁর এক সহকর্মী পাশের একটি বাড়িতে গিয়েছিলেন ময়লা সংগ্রহ করার ট্রলি আনতে। তিনি ফিরেই বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।’
চিকিৎসার খরচ বহন করতে গিয়ে প্রায় সর্বস্ব হারানোর উপক্রম আবেদ আলীর পরিবারের। আসাদুল ইসলাম বলেন, ঘটনার পরদিন বাবাকে দেখতে এসেছিলেন মেয়র আনিসুল হক। তিনি তখন এক লাখ টাকা দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুই মাসে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। কিছু টাকা তাঁরা সুদে এনেছেন। আর কিছু টাকা এনেছেন বাড়ির এক কানি জায়গা বন্ধক রেখে। ওই টাকাগুলোও প্রায় শেষ। তিনি বলেন, বাবা এখনো কথা বলতে পারেন না। এখনো নল দিয়ে খাবার দিতে হয়। এ অবস্থায় তাঁরা কী করবেন, কোথায় যাবেন, তাই ভেবে কূলকিনারা করতে পারছেন না।
চিকিৎসক জি কে এম শহীদুজ্জামান বলেন, আবেদ আলী একটু একটু করে সুস্থ হচ্ছেন। তিনি যে পর্যায়ে আছেন, সেখান থেকে পরিস্থিতির অবনতি না হলে চিকিৎসা শেষ হতে নয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যাবে।
পুলিশের তদন্ত: খোঁজ নিয়ে জানা যায়, গাড়ির মালিক আশিকুর রহমানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে লন্ডনে আর মেয়ে থাকে আমেরিকায়। তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এবং সরকারদলীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহম্মদ প্রথম আলোকে বলেন, আশিকুর রহমান ও তাঁর ছেলে নাসিফকে অনেক খোঁজাখুঁজি করেও তিনি পাননি। গাড়ির নিয়মিত চালক গিয়াসকে মাদারীপুর থেকে আটক করে নিয়ে আসা হলেও তিনি তেমন কোনো তথ্য দিতে পারেননি। গাড়ির চালকের দেওয়া তথ্যমতে ওইদিন নাসিফ তার এক বন্ধুর বাসায় গিয়েছিল। সেই বন্ধুকেও পাওয়া যায়নি।
ফেরদৌস বলেন, নাফিস জামিন পেয়েছেন বলে শুনেছেন। কিন্তু এখনো এ-সংক্রান্ত কোনো কাগজ পাননি।
গত শনিবার শাহীনবাগে গিয়ে আশিকুর রহমানের ফ্ল্যাট আগের মতো তালাবদ্ধ অবস্থা দেখা গেছে। ফ্ল্যাটের মালিক তানজিল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার দিন থেকে তিনি সপরিবারে নিরুদ্দেশ রয়েছেন।