মৃত্যুর সাড়ে নয় বছরেও অবসরভাতা মিলছে না
বরগুনার পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের মাঠ কর্মকর্তা আবদুল কুদ্দুছের মৃত্যুর সাড়ে নয় বছর পরও তাঁর পরিবার অবসরভাতা ও ভবিষ্যৎ তহবিলের টাকা পাচ্ছে না। পরিবারের অভিযোগ, ব্যাংকের প্রধান কার্যালয় প্রাপ্য টাকা পরিশোধের নির্দেশ দিলেও পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও বরিশালের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ের গড়িমসির কারণেই এই অবস্থা হয়েছে।আবদুল কুদ্দুছের স্ত্রী মমতাজ বেগম জানান, তাঁর স্বামী ১৯ বছর চাকরির পর সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় কর্মরত থাকাকালে ২০০৩ সালের ৪ আগস্ট মারা যান। তাঁর মৃত্যুর পর এখন পর্যন্ত অবসরভাতা ও ভবিষ্যৎ তহবিলের কোনো টাকা তাঁরা পাননি। তিনি পাথরঘাটা শাখাসহ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বারবার ধরনা দিলেও কোনো ফল হয়নি। বরিশাল কার্যালয়ের জিএম হাবিবুর রহমান মজুমদার গত ৩০ আগস্ট পাথরঘাটা শাখা পরিদর্শনে এলে মমতাজ বেগম ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করে প্রাপ্য টাকা পাওয়ার জন্য অনুরোধ করেন। এর আগে গত ২২ মে বরিশাল কার্যালয়ের সাবেক জিএম শওকত হোসেনের সঙ্গে তাঁরা দেখা করে প্রাপ্য টাকার জন্য লিখিত আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত ওই টাকা পাওয়ার সম্ভাবনা মিলছে না।সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখার ব্যবস্থাপক সামসুল হক জানান, আবদুল কুদ্দুছের কথিত অনিয়মের কারণে চাকরিকালে ২০০১, ২০০২ ও ২০০৩ সালের মোট তিনটি বার্ষিক প্রবৃদ্ধি আটকে ছিল। এখন পর্যন্ত ওই বার্ষিক প্রবৃদ্ধি মঞ্জুর করা হয়নি। সম্ভবত এ কারণেই তাঁর পরিবার অবসরভাতা ও ভবিষ্যৎ তহবিলের টাকা পাচ্ছে না।সোনালী ব্যাংক প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুল কুদ্দুছ অভিযুক্ত না হওয়ায় ও মানবিক কারণে ২০০৯ সালের ৮ অক্টোবর এক চিঠিতে তাঁকে সব দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রধান কার্যালয়ের আরেক চিঠিতে এ অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বকেয়া তিনটি বার্ষিক প্রবৃদ্ধি মঞ্জুর করতে বরিশাল কার্যালয়ের জিএমকেও নির্দেশ দেওয়া হয়।পটুয়াখালী কার্যালয়ের এজিএম মতিউর রহমান বলেন, মাঠপর্যায়ে আবদুল কুদ্দুছের ৬৮টি ঋণ (প্রায় ছয় লাখ টাকা) দেওয়া আছে। ওই ঋণগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁর মরণোত্তর আর্থিক সুবিধা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে চলতি ডিসেম্বরের মধ্যে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের মাধ্যমে ঋণ আদায় হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।হাবিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, আবদুল কুদ্দুছের বিতরণ করা ঋণ আদায় না হওয়ায় মরণোত্তর আর্থিক সুবিধা দিতে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই বার্ষিক প্রবৃদ্ধিসহ অবসরভাতা ও ভবিষ্যৎ তহবিলের মরণোত্তর আর্থিক সুবিধা তাঁর পরিবার পাবে।