মৃত্যুর হাত থেকে বেঁচে গেল গাছটি

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান ফটকের সামনে প্রায় ৫০ বছর বয়সী সেই মেহগনিগাছটি কাটা স্থগিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
১২ এপ্রিল ‘অকারণে গাছ কাটা’ শীর্ষক শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল। ডিএসসিসি জানিয়েছে, প্রথম আলোতে প্রতিবেদনটি ছাপানোর পর ওই গাছটি কাটা বন্ধের নির্দেশ দেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এ গাছটি কেটে ফেলতে দরপত্র আহ্বান করেছে ছিল ডিএসসিসি। অথচ এর ৩০০ ফুট দক্ষিণে ঝুঁকিপূর্ণ (মরা) গাছটি কাটার খবর নেই।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও অঞ্চল-৩ সূত্রে জানা গেছে, গত অক্টোবরে আজিমপুর গভর্নম্যান্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই গাছটি কাটার সিদ্ধান্ত হয়। ওই আবেদনে বলা হয়, গাছটি মোটা হওয়ায় মোহাম্মদ আখতারুজ্জামান ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ার সময় আজিমপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহনের গতি বোঝা যায় না। এতে করে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ছাড়া গাছটিও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় হেলে পড়তে পারে।
এমন আবেদনের পর গত বছরের ৮ ডিসেম্বর গাছটি কেটে ফেলতে দরপত্র আহ্বান করে ডিএসসিসি। পরে চূড়ান্ত দরপত্রে গাছ কাটার কাজ পায় ডিএ এন্টারপ্রাইজ। ৯ এপ্রিল থেকে এই গাছটি কাটার কাজ শুরু করেন তিনজন শ্রমিক।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, আখতারুজ্জামান ফটক থেকে প্রায় আট ফুট দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ওই মেহগনিগাছ। তবে ইতিমধ্যে গাছটির সব কটি ডাল ছেঁটে ফেলা হয়েছে। এর চারপাশে প্রায় তিন ফুট গভীর করে মাটি খুঁড়ে কিছু শিকড় কেটে ফেলা হয়েছে। এখন শুধু প্রায় ২৫ ফুট লম্বা মূল গাছটি দাঁড়িয়ে আছে। গাছটির কারণে ওই ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো সমস্যা হয় বলে মনে হয়নি। আজিমপুর গভর্নম্যান্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দপ্তরে কাউকে পাওয়া যায়নি।
ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ওই সংগঠনটির আবেদনের পর ঝুঁকিপূর্ণ অজুহাতে গাছটি কেটে ফেলার দরপত্র আহ্বান করে ডিএসসিসি। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কারণ জানতে চাইছেন ডিএসসিসির মেয়র ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ ছাড়া কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কেন দরপত্র আহ্বান করা হলো, তা তাঁরা জানতে চেয়েছেন।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই গাছটি ঝুঁকিপূর্ণ, এমন কোনো আলামত ছিল না। তা কাটার আগে তাঁকেও বিষয়টি জানানো হয়নি। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে, এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।