মৃত্যুর ৩৩ বছর পর এম এন লারমার প্রতি সংসদের শোক

মৃত্যুর ৩৩ বছর পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ওপর শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। গতকাল রোববার দশম জাতীয় সংসদে দ্বাদশ অধিবেশনের প্রথম দিনের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়।
শোক প্রস্তাবে বলা হয়েছে, মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খেদারছড়ার থুম এলাকায় ‘বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্র’ নামের একটি সশস্ত্র গ্রুপের আক্রমণে নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪। স্বতন্ত্র হিসেবে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এবং ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে স্বতন্ত্র সাংসদ নির্বাচিত হন। এম এন লারমা জনসংহতির বর্তমান নেতা সন্তু লারমার বড় ভাই।
৩৩ বছর পর শোক প্রস্তাব গ্রহণ করার কারণ সম্পর্কে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, রেওয়াজ অনুযায়ী কোনো সাংসদ মারা গেলে তা সংসদের পরের অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব আকারে গ্রহণ করা হয়। কিন্তু এম এন লারমা মারা যাওয়ার পর কোনো শোক প্রস্তাব গ্রহণ করা হয়নি, যে কারণে তাঁর মৃত্যুর বিষয়টি সংসদের নথিতে নেই। বিষয়টি সংসদের নজরে আনেন রাঙামাটির স্বতন্ত্র সাংসদ উষাতন তালুকদার। পরে এই অধিবেশনে তাঁর মৃত্যুর বিষয়টি শোক প্রস্তাব আকারে গ্রহণের সিদ্ধান্ত হয়।
শোক প্রস্তাবে বলা হয়েছে, এম এন লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটি জেলার ননিয়ারচর থানার মাহাপুরমে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি দীঘিনালা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৬৮ সালে চট্টগ্রাম রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে যোগ দেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনে।
এম এন লারমা ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬২ সালে তাঁর উদ্যোগে পাহাড়ি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭২ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৩ সালে। এরপর এম এন লারমা ১৯৭৫ সালে বাকশালে যোগদান করেন। তবে ১৯৭৭ ও ১৯৮২ সালে তিনি জনসংহতি সমিতির সভাপতি নির্বাচিত হন।
রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাবের একটি অনুলিপি এম এন লারমার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হবে।
এ ছাড়া গতকাল সাবেক সাংসদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য আবদুর রহিম, সাবেক সাংসদ আবদুল মান্নান, আলী রেজা রাজু, কুরবান আলী, ফজলুর রহমান পটল ও আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ ছাড়া কবি শহীদ কাদরী, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মহিতুল ইসলাম, আওয়ামী লীগের নেত্রী নাজমা রহমান, মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, মুক্তিযুদ্ধের বন্ধু সিডনি শনবার্গ, কৌতুক অভিনেতা ফরিদ আলী প্রমুখের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকেল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
এই শোক প্রস্তাবের তাৎপর্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক একাধিক গ্রন্থের লেখক আমেনা মহসিন প্রথম আলোকে বলেন, ‘দেরিতে হলেও দেশের ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের নেতাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এম এন লারমা মারা যাওয়ার সময় শ্রদ্ধা জানানোর মতো পরিবেশ ছিল না। এখন বাংলাদেশে সেই পরিবেশ এসেছে। শ্রদ্ধা জানানো হয়েছে। এটা একটা ইতিবাচক বিষয়।’
এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। গতকাল দলের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘এত দিন পর প্রয়াত এই নেতার প্রতি শোক প্রকাশের এই ঘটনা অভিনন্দনযোগ্য। আমরা সরকারকে এ জন্য সাধুবাদ জানাই।’