মৃত্যুর ৩৭ দিন পর হত্যা মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শফিকুল ইসলামের (২০) মৃত্যুর ৩৭ দিন পর আদালতে হত্যা মামলা করা হয়েছে। শফিকুলের মা কোহিনুর বেওয়া বাদী হয়ে স্থানীয় সোহরাব সর্দারসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করেন। শফিকুল উপজেলার নয়ানগাঁতী গ্রামের মৃত সমাজ প্রামাণিকের ছেলে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে সোহরাব সর্দারের নির্দেশে আসামি আসাদুল, ফারুক, কাদের, বছির সর্দার, সুজন প্রমুখ শফিকুল ইসলামকে ১৭ জুলাই রাতে মিলগেট এলাকা থেকে ধরে নিয়ে যান। পরে তাঁর নাকমুখে গামছা পেঁচিয়ে তাঁকে পুকুরে ডুবিয়ে হত্যা করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, গত ১৮ জুলাই শফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং সেদিন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়। শফিকুলের ময়নাতদন্ত প্রতিবেদনে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে উল্লেখ করা হয়। এখন নতুন করে হত্যা মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানা-পুলিশ সূত্র জানায়, ১৮ জুলাই উল্লাপাড়া ডিগ্রি কলেজের পাশের পুকুর থেকে পুলিশ শফিকুলের লাশ উদ্ধার করে। ঘটনার ৩২ দিন পর শফিকুলের মা কোহিনুর বেগম ২০ আগস্ট সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে গত মঙ্গলবার উল্লাপাড়া থানার পুলিশ আগের ইউডি মামলার পরিবর্তে হত্যা মামলাটি রেকর্ড করে।
এদিকে এলাকাবাসীর পক্ষে উল্লেখ করে উল্লাপাড়া পৌর শহরে ছবি দিয়ে শফিকুল খুনের প্রধান আসামি হিসেবে সোহরাব সর্দারের ফাঁসির দাবি জানিয়ে প্রচুর পোস্টার সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে প্রধান আসামি সোহরাব সর্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানোর জন্য বাদীকে প্ররোচিত করে এ মামলা করিয়েছেন।