মৃত্যুহার কমাতে নিশ্চিত করতে হবে মা-শিশুর পুষ্টি

মৃত্যুহার কমাতে হলে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাংসদ জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) আমরা অর্জন করেছি। কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে হলে আরও কাজ করতে হবে। নবজাতকদের মৃত্যুর হার কমাতে হলে মায়েদের খাদ্যের নিরাপত্তা, পড়াশোনা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। হাসপাতাল বা উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধায় প্রসবের হার বাড়ালে, নবজাতক মৃত্যুর হার কমে যাবে। এখন এই হার ৪০ শতাংশ। ঘরে প্রসবের ক্ষেত্রে কিছু সামাজিক ট্যাবু আছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে সচেতনতা সৃষ্টি খুব প্রয়োজন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘পাঁচ বছরের কম বয়সে মৃত শিশুদের ৬১ শতাংশ নবজাতক। বর্তমানে যে হারে কাজ হচ্ছে, এসডিজি অর্জন করতে হলে তার চেয়ে ১ শতাংশ বেশি হারে করতে হবে। সুতরাং এ জন্য বহুমাত্রিক ও গভীর বিশ্লেষণধর্মী জরিপ প্রয়োজন। যে অঞ্চলে জনসংখ্যা বেশি, সেখানে বেশি নজর দিতে হবে। শহুরে জনগণকে ভুলে গেলে চলবে না। লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে কাজগুলো সহজে করা যায়, সেগুলো বেছে নিতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, শুধু নবজাতকের দিকে দৃষ্টি দিলে হবে না। একই সঙ্গে বেশি বয়সী শিশুদের মৃত্যুর হার কমাতেও কাজ করা প্রয়োজন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার বলেন, নবজাতকদের ক্ষেত্রে প্রথম দিন ও প্রথম সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। প্রধান তিনটি কারণে নবজাতকদের মৃত্যু হয়। এগুলোর মধ্যে আছে জন্মের আগের জটিলতা, মারাত্মক সংক্রমণ প্রভৃতি। এগুলো চাইলেই প্রতিরোধ করা যায়। পরিচ্ছন্ন ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে কাজ চলছে। বেসরকারি ক্লিনিকে মানসম্পন্ন চিকিৎসা ও চিকিৎসক নেই। কিন্তু সরকারি হাসপাতালে এটি আছে। এখন মানসিকতার পরিবর্তন করতে হবে।
বৈঠকে বক্তারা বলেন, নবজাতকের পরিচর্যার পাঁচটি সূচক রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, তাৎক্ষণিক বুকের দুধ খাওয়ানো, জন্মের পর তিন দিন পর্যন্ত নবজাতককে গোসল না করানো, জন্মের পাঁচ মিনিটের মধ্যে তার শরীর শুকিয়ে ফেলা, নাড়িতে কোনো কিছু ব্যবহার না করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে বিশুদ্ধ উপকরণ ব্যবহার।
গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের এনবিএইচপি অ্যান্ড আইএমসিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার মো. আলতাফ হোসেন পাওয়ার পয়েন্টে কিছু তথ্য ও জরিপ উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতি ঘণ্টায় ১৮ জন শিশুর মৃত্যু হচ্ছে। অপেক্ষাকৃত বেশি বয়সের শিশুদের মৃত্যুর হার যেভাবে কমেছে, সেভাবে কমেনি নবজাতকের মৃত্যু। ধনী ও শিক্ষিত শ্রেণির মধ্যে মৃত্যুর হার কম। অন্যদিকে দরিদ্র ও অশিক্ষিত শ্রেণির মধ্যে এ হার বেশি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে, প্রতি হাজারে শিশুমৃত্যুর হার ১২-তে নামিয়ে আনতে হবে।
শিশু রোগ বিশেষজ্ঞ ও বারডেম হাসপাতালের পরিচালক নাজমুন নাহার বলেন, ‘নবজাতক মৃত্যুর হার কমাতে শুধু মায়েদের সচেতন করলে হবে না। বাবাদেরও সচেতন ও শিক্ষিত করতে হবে। নারীদের মাতৃত্বকালীন ছুটির বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে মেডিকেল শিক্ষার্থী ও নার্সদের কারিকুলামে মাতৃত্বকালীন ও নবজাতকের পরিচর্যার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।’
নবজাতকের পরিচর্যার বিষয়টি প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্য মো. শহিদুল্লাহ বলেন, আগে মায়েদের প্রতি বেশি নজর দেওয়া হতো। এখন নবজাতকের জন্য জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি অনেক বড় অগ্রগতি। এখন সরকারের সহায়ক হিসেবে সবাইকে সঠিক ভূমিকা রাখতে হবে।
ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেন, ‘নবজাতকের মৃত্যুর হার কমাতে মানসম্পন্ন পরিচর্যা নিয়ে কাজ করছি আমরা। এসব নিয়ে নিয়মিত আলোচনা প্রয়োজন। সবাই মিলে সরকারকে সহায়তা করতে হবে। এ জন্য সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।’
কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কর্মসূচি পরিচালক জাহাঙ্গীর হোসেন অপ্রাপ্তবয়স্ক কিশোরী মায়েদের বিষয়টি তুলে ধরে বলেন, এখনো ৫০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক কিশোরী মা হচ্ছে। এ কারণে শিশুমৃত্যুর হার বাড়ছে। তাই কিশোরীদের স্বামী ও পরিবারের সদস্যদের শিক্ষিত ও সচেতন করতে কাজ করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেকোনো জাতীয় কাজে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক। নতুন ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া মিডওয়াইফ ও নার্সও নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের ইচ্ছার অভাব নেই।’ তিনি আরও বলেন, শহরের স্বাস্থ্যব্যবস্থা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এলে আরও উন্নতি সম্ভব।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ পরিচালক শামস এল আরেফিন, স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসি অ্যান্ড পিএমএনএনএইচপির পরিচালক খালেদা ইসলাম ও এমএনসি অ্যান্ড এএইচের লাইন ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচএস অ্যান্ড এলডি-এমসিআরএএইচের পরিচালক মোহাম্মদ শরীফ, বাংলাদেশে পেরিনেটাল সোসাইটির মেম্বার সেক্রেটারি এম এ কে আজাদ চৌধুরী, সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউ বর্ন লাইফ বিভাগের পরিচালক নজরুল ইসলাম এবং ব্র্যাকের এইচএনপিপির কর্মকর্তা মো. আসাদুর রহমান। বৈঠকটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।