মৃদুল চৌধুরী অপহরণের ঘটনা তদন্তে কমিটি

স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী অপহরণ ও সাভারে ডলার ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে গ্রেপ্তারের ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের দুটি কমিটি গঠন করেছে পুলিশ। কমিটিকে আজ থেকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মৃদুল চৌধুরী অপহরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, র্যাবের উপ পরিচালক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া সাভারে ডলার ছিনতাইয়ের ঘটনায় গঠিত কমিটির প্রধান হলেন, পুলিশের সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবুল কাশেম। কমিটির অন্যরা হলেন, র্যাবের একজন প্রতিনিধি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার।
১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ায় সময় র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয়। এর আগে মৃদুল চৌধুরী ঢাকার সিএমএম আদালতে র্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে ৮০ ভরি স্বর্ণ লুটের মামলা করেন। অপহরণের ছয় দিন পর ১৭ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং কংস নগর এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় কে বা কারা মৃদুল চৌধুরীকে ফেলে রেখে চলে যায়।