স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ এবং সাভারে ডলার ছিনতাইয়ের ঘটনায় পুলিশকে গ্রেপ্তারের ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করেছে পুলিশ। কমিটিকে গতকাল রোববার থেকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মৃদুল চৌধুরী অপহরণের ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন র্যাবের একজন উপপরিচালক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
সাভারে ডলার ছিনতাইয়ের ঘটনায় গঠিত কমিটির প্রধান হলেন পুলিশের সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবুল কাশেম। কমিটির অন্যরা হলেন র্যাবের একজন প্রতিনিধি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার।
গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ায় সময় র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয়। এর আগে মৃদুল চৌধুরী ঢাকার সিএমএম আদালতে র্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে ৮০ ভরি সোনা লুটের মামলা করেন। অপহরণের ছয় দিন পর ১৭ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং কংসনগর এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় কে বা কারা মৃদুল চৌধুরীকে ফেলে রেখে চলে যায়।
সাভারের ঘটনা ঘটে ১৪ ফেব্রুয়ারি। ওই দিন রাতে পাচার করা ডলার আত্মসাৎ ও পাচারকারীকে অপহরণ করার ঘটনা নিয়ে সাভার থানার পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও তাঁর সোর্সের সঙ্গে র্যাবের হাতাহাতি হয়। এ ঘটনার পর র্যাবের সদস্যরা পুলিশের এক সহকারী উপপরিদর্শক, মির্জাপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশের পক্ষ থেকে ঘটনার জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়।