মৃদুল চৌধুরীর খোঁজ পাওয়া নিয়ে ঠকবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সকালে একটি ফোন আসে। অজ্ঞাত ব্যক্তি ফোনে জানান, ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞান হয়ে পড়ে আছেন অপহূত ব্যবসায়ী মৃদুল চৌধুরী। তাঁর বুকের ওপর নাম লেখা আছে। হাসপাতালে নিতে আট-দশ হাজার টাকা লাগবে। সঙ্গে সঙ্গে পাঠানো হয় ১০ হাজার টাকা। কিন্তু এর পরই বন্ধ হয়ে যায় ফোনের সংযোগ। বুঝতে অসুবিধা হয় না, পুরোটাই ছিল ঠকবাজি-প্রতারণা।
মৃদুল চৌধুরীর ভাই শিমুল চৌধুরী বিষয়টি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। চার দিনেও ভাইয়ের খোঁজ না পেলেও তাঁরা এখনো আশায় প্রহর গুনছেন—হয়তো তিনি ফিরে আসবেন।
মৃদুল চৌধুরীকে উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল জুয়েলার্স মালিক সমিতি। আজ শনিবার বেলা তিনটায় এই সময়সীমা শেষ হবে। এর মধ্যে উদ্ধার না হলে দেশব্যাপী দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাবে সমিতি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘অপহরণের জন্য আমরা সরাসরি কাউকে অভিযুক্ত করছি না। যে-ই অপহরণ করুক, ৭২ ঘণ্টার মধ্যে মৃদুল চৌধুরীকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছি। নইলে দেশের সব জুয়েলার্স দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাব।’
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের কোতোয়ালি পুরাতন টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অপহরণ মামলা করা হয়েছে। নগরের নিউমার্কেটে দুলহান জুয়েলার্সের মালিক মৃদুল চৌধুরী। এ ছাড়া হাজারী লেনেও একটি পাইকারি স্বর্ণের দোকান রয়েছে তাঁর। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, মৃদুল চৌধুরীকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।