মৃদুল মুক্তি পেলেও ব্যবসায়ী ফাহাদের খোঁজ নেই
ঢাকা থেকে অপহূত চট্টগ্রামের ব্যবসায়ী ফাহাদ চৌধুরী ওরফে দিপুর খোঁজ মেলেনি ৩৫ দিনেও। এ অবস্থায় তাঁকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা।
কুমিল্লা থেকে অপহরণের ছয় দিন পর উদ্ধার হওয়া স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীর ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে দায়ের করা মামলার ২ নম্বর আসামি ফাহাদ চৌধুরী। এ মামলার ১ নম্বর আসামি র্যাব-২-এর কর্মকর্তা মেজর রকিবুল আমিন।
জীবিত উদ্ধারের দাবি জানিয়ে ফাহাদ চৌধুরীর বড় ভাই কামরুজ্জামান বলেন, ‘মৃদুল চৌধুরীর দায়ের করা মামলার আসামি আমার ভাই। মৃদুল চৌধুরী উদ্ধার হওয়ায় আমরা মনে করছি আমার ভাইকেও একই গ্রুপ অপহরণ করেছে। আমার ভাই দোষ করলেও তার যা শাস্তি হওয়ার হোক। কিন্তু ভাইকে জীবিত ফেরত চাই।’
ঢাকার মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি। কয়েক দিন হলো মামলা হয়েছে।’
দৃশ্যমান কোনো অভিযান আছে কি না, জানতে চাইলে প্রলয় কুমার বলেন, ‘আমরা কাজ করছি।’