নিয়োগে দুর্নীতির পাঁচ মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন ইউসুফ আলী মৃধা। পরে তাঁর বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৪টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে পাঁচ মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক। এসব মামলার মধ্যে রেলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগের মামলায় বিচার শুরু হয়েছে। অন্য নয়টি মামলা তদন্তাধীন।
আদালত সূত্র জানিয়েছে, ইউসুফ মৃধা গতকাল দুপুর সোয়া ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতের এজলাসে ঢোকেন। পৌনে একটার দিকে মামলার শুনানি শুরু হয়। ইউসুফ মৃধার আইনজীবী সানোয়ার হোসেন আদালতকে বলেন, তাঁর মক্কেল রেলে নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িত নন। মন্ত্রণালয় নিয়োগের আদেশ দিলে নিয়োগ কমিটি যাচাই-বাছাই করে লোক নিয়োগ দেয়। এতে দুর্নীতি হয়েছে কি না, তা ইউসুফ মৃধা জানেন না। তিনি শুধু নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো ‘হয়রানিমূলক’ দাবি করে আইনজীবী ইউসুফ আলী মৃধার জামিন মঞ্জুরের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন।
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহাম্মদ ও দুদকের আইনজীবী মাহমুদুল হক আদালতকে বলেন, ঘুষ নিয়ে উত্তরপত্রে ঘষামাজা করে অনুত্তীর্ণ প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে। ইউসুফ মৃধাসহ অন্য আসামিরা এতে জড়িত ছিলেন। দুদকের তদন্তে তা উঠে এসেছে।
শুনানি শেষে বিচারক ইউসুফ মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা হিসেবে ইউসুফ মৃধাকে কারাবিধি অনুযায়ী রাখা এবং তিনি অসুস্থ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তির করার আবেদন জানান আইনজীবী। বিচারক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে ইউসুফ মৃধা প্রথম আলোকে বলেন, ‘আদালতে বিচারাধীন কোনো বিষয়ে আমি মন্তব্য করব না। যা করার আদালত করবেন।’
পরে ইউসুফ মৃধাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাধ্যক্ষ মো. রফিকুল কাদের গতকাল সন্ধ্যায় জানান, ইউসুফ মৃধাকে আপাতত কারাগারের সাধারণ কক্ষে রাখা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের নিয়োগে দুর্নীতির অভিযোগে ইউসুফ মৃধা, রেলওয়ের পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের আসামি করে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ১৪টি মামলা করে দুদক। ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ইউসুফ মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে ২০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।