'কেলেঙ্কারির ঘটনায় করা আরও তিনটি মামলা থেকে রেলের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দাবি, মৃধার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে ওই ঘটনায় করা মোট চারটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন।
গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, গত বুধবার কমিশনের নিয়মিত সভায় তিনটি মামলার অভিযোগপত্রের অনুমোদন হয়। এতে মৃধার নাম নেই।
এর আগে ২০১৩ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আরেকটি মামলা (মামলা নম্বর ১৯) করে দুদক। গত জুন মাসে ওই মামলায়ও তাঁকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করে দুদক।
প্রতিটি অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধা সম্পর্কে বলা হয়েছে, মৃধা নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি তাঁর দৈনন্দিন কার্যক্রম হিসেবে শুধু নথি ‘অনুমোদন’ করেছেন মাত্র। এসব অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন, তদন্তকালে তাঁর বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার ও কোর্ট ইন্সপেক্টর পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ওই তিনটি মামলা করা হয়। ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় তিনটি মামলা করা হয়। দণ্ডবিধির একাধিক ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এসব মামলার অভিযোগপত্রের অনুমোদন দেয় কমিশন।
৩৪ নম্বর মামলায় চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও/পূর্ব) ও নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মো. হামিদ উল্লাহর বিরুদ্ধে, ৩৫ নম্বর মামলায় গোলাম কিবরিয়া ও কার্পেন্টার মো. গিয়াস উদ্দিন, ৩৬ নম্বর মামলায় শুধু গোলাম কিবরিয়াকে আসামি করা হয়েছে।