রেলে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্র দুটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা (বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
রেলের ডাটা এন্ট্রি অপারেটর ও কার্পেন্টার পদে নিয়োগে দুর্নীতির মামলায় গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগপত্রগুলো জমা দেয় দুদক। গ্রহণের বিষয়ে শুনানির জন্য অভিযোগপত্র দুটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে শুনানির দিন নির্ধারণ হয়নি।
এর আগে গত ৩০ নভেম্বর ট্রেনের চালক (লোকোমাস্টার) ও কোড পরিদর্শক পদে নিয়োগে দুর্নীতির দুটি মামলার অভিযোগপত্রে মৃধাকে বাদ দিয়েছিল দুদক। এরও আগে ২৯ জুন রেলের রেকর্ডকিপার ও গুডস সহকারী গ্রেড-২ পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছিল দুদক। এ নিয়ে মোট ছয়টি মামলায় মৃধাকে বাদ দিল দুদক। মৃধা বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা দুদকের তদন্তাধীন রয়েছে।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুদক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, তদন্তে মৃধার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বাদ দিয়ে ডাটা এন্ট্রি অপারেটর ও কার্পেন্টার পদে নিয়োগে দুর্নীতির দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক। দুটি মামলার অভিযোগপত্রেই রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা (বরখাস্ত) গোলাম কিবরিয়াকে অভিযুক্ত করা হয়েছে। একটিতে তাঁর সঙ্গে পরীক্ষার্থী হামিদ উল্লাহ ও অপরটিতে গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক নাছির উদ্দিন মামলা দুটির তদন্ত করে অভিযোগপত্র জমা দেন। দুদক ২০১৩ সালের ১৭ এপ্রিল মামলা দুটি নগরের কোতোয়ালি থানায় দায়ের করেছিল। দুটিতেই আসামি ছিলেন ইউসুফ আলী মৃধা।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মৃধা নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি তাঁর দৈনন্দিন কার্যক্রম হিসেবে শুধু কাজের অনুমোদন দিয়েছেন। তাই তদন্তে সাক্ষ্য-প্রমাণে তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যায়নি। মৃধাকে বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগপত্রের বিরুদ্ধে কোনো নারাজি আদালতে দেওয়া হবে কি না—জানতে চাইলে দুদকের আইনজীবী মাহমুদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।