বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা একটি মামলার অভিযোগ আমলে নিতে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
রেলওয়েতে সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইউসুফ মৃধাসহ তিনজনকে আসামি করে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ৩০ নভেম্বর ওই মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও মৃধাকে বাদ দেওয়া হয়। পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিন শিক্ষক। গতকাল হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই আবেদনের ওপর রায়ের একপর্যায়ে আদালত এ মামলায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে সুবিধাভোগীদের বিষয়েও একটি পৃথক তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
২০১২ সালের ৯ এপ্রিল রাতে রাজধানীতে বিজিবি সদর দপ্তরের সামনে টাকার বস্তাসহ আটক হন ইউসুফ আলী মৃধা। অভিযোগ ছিল, রেলওয়েতে নিয়োগে দুর্নীতির এ টাকা সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় নেওয়া হচ্ছিল। পরে রেলপথ মন্ত্রণালয় থেকে সুরঞ্জিতকে সরিয়ে দেওয়া হয়। আর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর রেলওয়েতে দুর্নীতির অভিযোগে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুদক ১৪টি মামলা করে। এর মধ্যে ছয়টি মামলার অভিযোগপত্র থেকে মৃধার নাম বাদ দেয় দুদক। বলা হয়, মৃধা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না, তিনি শুধু নথিতে স্বাক্ষরকারী হিসেবে ছিলেন।