মৃধার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা দুর্নীতি মামলায় আজ রোববার তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন, ঢাকার কর সার্কেল-৮৫ এর কর পরিদর্শক দীপক কুমার, অফিস সহকারী আবদুস সালাম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল আবু তালেব।

এ নিয়ে এই মামলার ১৬ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হলো। আগামী ৩ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলাম।
২০১২ সালের ১৪ আগস্ট ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক রেজাউল ইসলাম তরফদার। তদন্ত শেষে ওই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২৪ নভেম্বর ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ইউসুফ আলী মৃধা ৫৫ লাখ ৮৭ হাজার ২১৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৯১৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ৪০ লাখ ৯ হাজার ৭১৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের করা দুর্নীতির আরও ছয়টি মামলার বিচার চলছে।