রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ফেরত পাঠিয়েছেন আদালত। নিয়োগে অনিয়ম ও দুর্নীতির এই সাত মামলায় মৃধাকে দায়মুক্তি (অভিযোগপত্র থেকে অব্যাহতি) দেয় দুদক। হাইকোর্টের একটি পর্যবেক্ষণের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর গত ৩ জানুয়ারি এসব মামলা অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান।
সহকারী লোকোমাস্টার (ট্রেনচালক), গুডস সহকারী, রেকর্ডকিপার, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, কোর্ট ইন্সপেক্টরসহ নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে করা মোট সাতটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ইউসুফ আলী মৃধা। কিন্তু দুদকের দেওয়া অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া নিম্ন আদালত থেকে নথি ফেরত আসার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি মামলায় ইউসুফ আলী মৃধাকে বাদ দেওয়ায় অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। কিন্তু এই মামলাগুলো সরাসরি ঢাকা থেকে তদারক করা হয়। এমনকি তদন্ত কর্মকর্তাও ঢাকার। তাই আমরা সবকিছু ঢাকাকে অবহিত করেছি।’
আদালত সূত্র জানায়, সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেনচালক) নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় তিনজন কলেজশিক্ষককেও আসামি করা হয়। তাঁরা নিয়োগ-প্রক্রিয়ায় উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ছিলেন। আসামি হিসেবে জামিনের মেয়াদ বৃদ্ধি এবং মামলা থেকে অব্যাহতি পেতে তাঁরা হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ২৪ মে ওই আবেদনের আদেশে কিছু পর্যবেক্ষণ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এতে বলা হয়, ‘এই মামলার নিয়োগ কার্যক্রমে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল যথার্থ হয়নি। তাই তাঁকে অন্তর্ভুক্ত করে মামলার কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হলো।’
পর্যবেক্ষণে আরও বলা হয়, ‘এই মামলার তদন্ত কার্যক্রম যথাযথভাবে শেষ না হওয়ায় তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।’
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় সহকারী লোকোমাস্টার নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়। ২০১৪ সালের ১৪ অক্টোবর মৃধাকে বাদ দিয়ে এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। তিনি ঢাকায় কর্মরত আছেন।
দুদক সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী রাশেদুর রেজার বিরুদ্ধে বিষয়টি তদন্তের জন্য সংস্থার একজন কর্মকর্তার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাইকোর্টে আবেদনটি করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াদুদ ভুঁইয়া, হিসাববিজ্ঞান বিভাগের জহিরুল ইসলাম ও পদার্থবিদ্যা বিভাগের তপন কুমার দাশ।
জানতে চাইলে আবদুল ওয়াদুদ ভুঁইয়া (বর্তমানে চট্টগ্রাম কলেজের শিক্ষক) প্রথম আলোকে বলেন, ‘আমরা তিনজন শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দুদকের মামলায় আসামি করা হলে আমরা হাইকোর্টে জামিনের মেয়াদ বৃদ্ধি ও কোয়াশমেন্ট (মামলা থেকে অব্যাহতি) করার জন্য আবেদন করি। হাইকোর্ট আমাদের ছয় মাসের জামিন দেন। হাইকোর্টের পর্যবেক্ষণে ইউসুফ আলী মৃধাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।’
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। মৃধা এখন কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের দুদকের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলের নিয়োগে অনিয়মের অভিযোগে মোট ১৩টি মামলা হয়েছে। প্রতিটি মামলার আসামি ছিলেন ইউসুফ আলী মৃধা। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
দুদকের কৌঁসুলি বলেন, হাইকোর্ট বেঞ্চের দুই বিচারপতি সহকারী লোকোমাস্টার নিয়োগে অনিয়মের মামলা নিয়ে পর্যবেক্ষণ দেন। মামলায় ইউসুফ আলী মৃধাকে অন্তর্ভুক্ত করা এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছিলেন। কিন্তু বাকি ছয়টি মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনা নেই। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর স্বপ্রণোদিত হয়ে আরও ছয়টি মামলার নথি দুদকে পাঠিয়েছেন।