মৃধাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়েতে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক জিএম ইউসুফ আলী মৃধা (বর্তমানে বরখাস্ত), রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এই আদেশ দেন। এর আগে গত রোববারও দুই মামলায় মৃধাসহ আটজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন আদালত।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রেলওয়ের টুলকিপার ও টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির দুটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচার শুরুর আগে পলাতক আসামিদের হাজির করতে আদালত পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৮ অক্টোবর রেলের টুলকিপার পদে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পরের বছরের এপ্রিল মাসে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চার প্রার্থী এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, রবিউল হাসান ও আশ্রাফুল ইসলাম অকৃতকার্য হলেও তাঁদের কৃতকার্য দেখানো হয়। হাফিজুর রহমান চৌধুরী ও গোলাম কিবরিয়া ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে ফেল করা ওই চার প্রার্থীকে কৃতকার্য দেখান।
২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা ওই মামলায় আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। রেলের টিকিট ইস্যুকার পদেও মৃধা, রেল কর্মকর্তা হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়া লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে প্রার্থী শাহীন শাহকে কৃতকার্য দেখান। তাই এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রেলের তিন কর্মকর্তা ও প্রার্থী শাহীন শাহের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। গতকাল আদালত দুই মামলায় পলাতক আট আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুদক। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মৃধাসহ সাতজনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।