রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলায় মৃধাসহ আটজনের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বিচার কার্যক্রম শুরুর জন্য আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলার পলাতক অপর আসামিরা হলেন আবুল কাশেম, আনিসুর রহমান, সুলতানা বেগম, জহিরুল ইসলাম ও গণেশ চন্দ্র শীল।
তাঁরা পাঁচজন ঘুষ দেওয়ায় লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে কৃতকার্য দেখান মৃধা, গোলাম কিবরিয়া ও হাফিজুর রহমান। রেলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদের নিয়োগ পরীক্ষায় এ দুর্নীতি হয়।