রেলের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা এবং জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালত গতকাল ওই সাক্ষ্য নেওয়ার পর ২৫ মার্চ বাদীকে জেরার দিন ধার্য করেন। রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলার বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, ওই পদের নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ দুই প্রার্থী আবুল কাশেম ও আনিসুর রহমানের উত্তরপত্র ঘষামাজা করে তাঁদের উত্তীর্ণ দেখানো হয়েছে। এতে আসামিদের যোগসাজশ ছিল।
ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা চট্টগ্রামের কোতোয়ালি থানায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মামলাটি করেন। তদন্ত শেষে মৃধাসহ পাঁচ আসামির বিরুদ্ধে গত ১৮ আগস্ট অভিযোগপত্র দেয় দুদক। পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে ২০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।