মৃধাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা ও পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলায় মৃধাসহ চারজনের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বিচার কার্যক্রম শুরুর জন্য আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলার পলাতক অপর আসামিরা হলেন শাহিদা আক্তার ও নাজিম উদ্দিন।
শাহিদা আক্তার ও নাজিম উদ্দিন ঘুষ দেওয়ায় লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে তাঁদের কৃতকার্য দেখান মৃধা ও গোলাম কিবরিয়া। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে ‘ট্রেন নাম্বার টেকার’ পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ২২ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে দুদক। বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়েছে।