সোহেল রানা। রোল নম্বর টাঙ্গাইল-৫৪। রেলওয়ের ‘ট্রেন নম্বর টেকার’ পদে পরীক্ষায় অংশ নেন ২০১১ সালের ২৭ মে। লিখিত পরীক্ষায় পরীক্ষকের মূল্যায়নে তিনি পান ৬ দশমিক ৫। কিন্তু তাঁর উত্তরপত্র ঘষামাজা ও পরিবর্তন করে দেওয়া হয় ৩৯ দশমিক ৫ নম্বর।
শুধু সোহেল রানা নন, ওই পদের পরীক্ষায় উত্তরপত্র ঘষামাজা ও কাটাকাটি করে প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর দেখিয়ে ইসমাইল হোসেন, শাহিদা আক্তার ও নাজিম উদ্দিনকেও কৃতকার্য দেখানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এসব অনিয়ম উঠে এসেছে। এ ঘটনায় রেলওয়ের দুজন কর্মকর্তা ও চারজন প্রার্থীকে আসামি করে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগপত্র দেন। ওই দুই কর্মকর্তা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা ও পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী নূরে হুদা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালত আগামী ৬ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।’
দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক জানান, রেলের নিয়োগ পরীক্ষায় কোতোয়ালি থানার একটি দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধা, গোলাম কিবরিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে ইউসুফ আলী মৃধা টাকার বস্তাসহ আটক হওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তদন্তে নামে দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মেলায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। পরে অভিযোগপত্রে নাজিম উদ্দিনের নাম যুক্ত করা হয়।
আসামিদের মধ্যে ইউসুফ আলী মৃধা, গোলাম কিবরিয়া, শাহিদা আক্তার ও নাজিম উদ্দিন পলাতক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনে আছেন ইসমাইল হোসেন ও সোহেল রানা।
চার পৃষ্ঠার ওই অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০১০ সালের ২৯ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চল থেকে ট্রেন নম্বর টেকার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরের বছরের ২৭ মে চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। কিন্তু লিখিত পরীক্ষায় অকৃতকার্য হন চারজন প্রার্থী। প্রার্থী শাহিদা আক্তার ২৯ পেলেও তাঁর সঙ্গে ৫ নম্বর যোগ করে ৩৪ করা হয়। ইসমাইল হোসেন ১৭ পেলেও তা ৩০ করা হয়। নাজিম উদ্দিন ৬ দশমিক ৫ পেলেও তাঁর নম্বর দেখানো হয় ৩৬।