রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাকি দুই আসামি হলেন অবৈধভাবে নিয়োগ পাওয়া সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল। মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলায় মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১৮ আগস্ট দুই মামলায় মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়েছে।