মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের এজলাসে সাক্ষ্য দেন। আদালত ২৫ মার্চ বাদীকে আসামিপক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করেছেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, বাদী আদালতকে জানান, রেলের সহকারী কেমিস্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা দুই প্রার্থীকে পাস দেখান আসামিরা পরস্পর যোগসাজশে। অবৈধভাবে নিয়োগ পাওয়া দুই সহকারী কেমিস্ট হলেন সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ায় প্রথমে থানায় মামলা দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে কীভাবে ফেল করা প্রার্থীদের পাস দেখিয়ে নিয়োগ দেওয়া হয়, তার বর্ণনা রয়েছে।