রেলে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক (বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে রেলের টুলকিপার ও টিকিট ইস্যুকার পদের মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়৷ আদালত আগামী ৬ ও ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন৷
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধা, রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান ও ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া শাহেন শাহের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ এ ছাড়া টুলকিপার পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধা, কিবরিয়া, হাফিজুর রহমান এবং ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া এস এম আজিজুল হক, সাইদুর রহমান, রবিউল হাসান ও আশ্রাফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়৷ এ সময় আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন৷