রেলওয়েতে নিয়োগে দুর্নীতির দুই মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ (বর্তমানে বরখাস্ত) আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত৷ গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে শুনানি শেষে রেলওয়ের টুলকিপার ও টিকিট ইস্যুকার পদের মামলায় এই অভিযোগ গঠন করা হয়৷
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, টুলকিপার পদে মৃধা, রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী এবং সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, ঘুষ দিয়ে পরীক্ষায় পাস করা এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, রবিউল হাসান ও আশ্রাফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ দুদকের দায়ের করা মামলায় গত বছরের ১ অক্টোবর ওই সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে৷
মাহমুদুল হক জানান, রেলের টিকিট ইস্যুকার পদেও মৃধা, রেল কর্মকর্তা হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়া এবং ঘুষ দিয়ে পাস করা শাহীন শাহের বিরুদ্ধে গতকাল একই আদালতে অভিযোগ গঠন করা হয়৷
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুদক ঢাকার সহকারী পরিচালক এস এম রাশিদুর রেজা বাদী হয়ে টুলকিপার ও টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে নগরের কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছিলেন৷ তদন্ত শেষে দুই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করে দুদক৷ ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা৷ এ ঘটনার পর তদন্তে নামে দুদক৷ মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের করে দুদক৷ এর মধ্যে তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে৷