মে থেকে ভোটার তালিকা হালনাগাদ
নির্বাচন কমিশন মে মাসের শেষ সপ্তাহ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে পারে। এ বিষয়ে কমিশন সচিবালয় থেকে প্রস্তাব করে নথি উত্থাপন করা হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, মোট কতটি পর্বে ভোটার তালিকা হালনাগাদ হবে, তা ২৮ এপ্রিল কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে।
আইন অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ হওয়ার কথা। কিন্তু বিভিন্ন ধরনের নির্বাচন থাকায় কমিশন কখনোই এ কাজটি জানুয়ারিতে করতে পারেনি। সর্বশেষ গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
ফেমবোসা লোগোর ডিজাইনার পুরস্কৃত
ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) লোগোর ডিজাইনার তৌফিক এলাহীকে পুরস্কৃত করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ ও মূল্যায়ন কমিটির সদস্য শিল্পী কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে তৌফিক এলাহীকে তিন লাখ টাকার সম্মাননা চেক দেওয়া হয়।
ফেমবোসা গঠনের উদ্যোক্তা দেশ হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে লোগো তৈরির দায়িত্ব দেওয়া হয়। কমিশন এ বিষয়ে প্রতিযোগিতার আহ্বান করে। তাতে সায় দিয়ে দেশের ৭৬ জন শিল্পী ২৬৮টি ডিজাইন জমা দেন। এর মধ্যে মূল্যায়ন কমিটি তৌফিক এলাহীর লোগোকে সেরা বলে বিবেচনা করে। গত অক্টোবরে ভুটানের রাজধানী থিম্পুতে ফেমবোসার চতুর্থ সম্মেলনে লোগো চূড়ান্ত করা হয়।
সার্ক দেশভুক্ত নির্বাচন কমিশন নিয়ে ২০১০ সালে এক সম্মেলনের মাধ্যমে ঢাকায় ফেমবোসার যাত্রা শুরু হয়।