মে দিবসে ছুটি ও সরকার ঘোষিত মজুরি চান হোটেলের শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবসে ছুটি ও সরকার-ঘোষিত মজুরির নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেটের হোটেলের শ্রমিকনেতারা। গতকাল শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান। সিলেটের বিভিন্ন রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হোটেল-শ্রমিকেরা দেশে বিদ্যমান শ্রম আইনের কোনো সুফলই পাচ্ছেন না। হোটেলের মালিকেরা শ্রম আইনের তোয়াক্কা না করে হোটেল-শ্রমিকদের কাছ থেকে অমানুষিক শ্রম আদায় করে নিচ্ছেন। দৈনিক ১৭ থেকে ১৮ ঘণ্টা শ্রমের বিনিময়েও শ্রমিকেরা হোটেলের মালিকদের কাছ থেকে ন্যায্য সুবিধা পাচ্ছেন না। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের ফলে সরকার ২০০৯ সালের ২৪ নভেম্বর গেজেটের মাধ্যমে নিম্নতম একটি মজুরি নির্ধারণ করেছে। নির্ধারিত এ মজুরি জীবন চালানোর পক্ষে অনেক কম হলেও সিলেটের মালিকপক্ষ সেটিও কার্যকর করতে রাজি নন। মে দিবস সামনে রেখে ছুটি ও সরকার-নির্ধারিত মজুরির বাস্তবায়ন দাবি করেন তাঁরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে মালিকপক্ষ তাঁদের পণ্য ও সেবার মূল্য ঠিকই বৃদ্ধি করেন—কেবল শ্রমিকদের মজুরি বাড়াতে চান না। তাঁরা নামমাত্র মজুরিতে ঘণ্টার পর ঘণ্টা শ্রমিকদের খাটাতে চান। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।