ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং শ্রমজীবী মানুষের নানা দাবির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হলো মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রায় সব কর্মসূচিতেই শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা দাবি করেন শ্রমজীবী মানুষ। দিনটি ছিল সাধারণ ছুটি। বন্ধ ছিল দেশের প্রায় সব শিল্প-কারখানা। বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংক এবং কলকারখানাও ছিল বন্ধ। ছুটি ছিল সংবাদপত্রের কার্যালয়ে।মে দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে উত্তোলন করা হয় লাল পতাকা। শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন করে। রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং তিন দিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক সমাবেশের পর নগরে শোভাযাত্রা বের করে। প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে। মে দিবসে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা বাস্তবায়নের দাবি জানায়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মে দিবসে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষক-কর্মচারী সংগ্রামী সমন্বয় ঐক্য পরিষদ তাদের চাকরি জাতীয়করণের দাবি জানায়। বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন মে দিবসে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নির্ধারণ ও নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়েছে। মে দিবসে ১২ দফা ঘোষণা করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। এ ছাড়া সত্যেন সেন শিল্পী সংস্থা, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ হকার শ্রমজীবী পরিষদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে সংহতি প্রকাশ করেন।