মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ৬
মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন ও সাংবাদিক হেনস্তার সমালোচনার মুখেও অব্যাহত রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তার। মে মাসেই এ আইনের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত ছয়জনকে।
গ্রেপ্তারদের মধ্যে দুইজন সাংবাদিক, একজন আইনজীবী ও তিনজন সাধারণ নাগরিক।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন, মে ২০২১–তে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের সমালোচনা করা হয়। এমএসএফের মতে, ‘একটি সভ্য রাষ্ট্রে একজন সাংবাদিকের ওপর এ ধরনের নির্যাতন হতে পারে, তা অকল্পনীয়।...একজন নারী সাংবাদিকের ওপরে (জামিন বিলম্ব করে) যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক, অন্যায় ও অনভিপ্রেত।’
এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ঢাকা, কক্সবাজার ও বান্দরবানে কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে ছয়টি। এসব ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন ও আহত হয়েছেন দুইজন।
এ সময়ে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রতিবেদন অনুসারে, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, ঢাকা কেন্দ্রীয় কারাগার, নওগাঁ ও খাগড়াছড়ি কারাগারে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
এর বাইরে দেশে চারটি গণপিটুনির ঘটনায় তিনজন নিহত ও আটজন আহতও হয়েছেন। প্রচলিত আইনকে উপেক্ষা করে গণপিটুনির ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে মনে করে এমএসএফ।
এ ছাড়া এ সময়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দুইজন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন, অপহৃত হয়েছেন আরেকজন। এমএসএফের মতে, ‘সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ ও প্রতিকারে যে ব্যর্থতা দেখাচ্ছে, তা জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি করছে।’
শিশু–নারী নির্যাতন
প্রতিবেদন অনুযায়ী, ৩৩৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মে মাসে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি, গণধর্ষণ ২৮টি, ধর্ষণ করে হত্যার ঘটনা ৫টি এবং ৮টি প্রতিবন্ধী শিশু ও কিশোরীকে ধষর্ণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ৮৩ জনের মধ্যে ৫৬ জন শিশু ও কিশোরী।
এ ছাড়া ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে ১৪টি, যৌন হয়রানির ঘটনা ২০টি ও শারীরিক নির্যাতনের ঘটনা ৪৮টি। এ সময় ১২ জন শিশু–কিশোরীসহ মোট ৫৯ জন নারী আত্মহত্যা করেছেন।
এদিকে অপহরণের শিকার হয়েছে দুটি শিশু। ‘নিখোঁজ’ হয়েছে ছয় শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী চলতি মে মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনা ঘটেছে। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হত্যা ও নির্যাতন, সীমান্তে হতাহত, এমনকি গণপিটুনির মতো ঘটনা উদ্বেগজনকভাবে ঘটে চলেছে। করোনা অতিমারির সংকটকালে এ ধরনের ঘটনা অব্যাহতভাবে ঘটে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে তা বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।