মে মাসে ডিসিসি নির্বাচন হচ্ছে না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হচ্ছে না। সীমানা পুনর্নির্ধারণ করে এ নির্বাচন হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান। সিইসি সাংবাদিকদের বলেন, এই নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ কমিশন নিলে সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে রিট দায়ের করেন। কিন্তু রিটটি আদালত খারিজ করে দেন। সে সময় কমিশনের আইনজীবী শাহদীন মালিক কমিশনকে লিখিতভাবে জানান, সীমানা পুনর্নির্ধারণ ছাড়া ডিসিসি নির্বাচন করা যাবে না। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, স্থানীয় সরকার আইনের ৫ ধারা অনুযায়ী কমিশন চাইলে বিদ্যমান সীমানা অনুসরণ করে এই নির্বাচন করতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে ডিসিসি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তাদের চিঠি দিয়ে সম্ভাব্য তারিখও জানানো হয়। তিনি বলেন, এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, সীমানা পুনর্নির্ধারণ ছাড়া ডিসিসি নির্বাচন করা যাবে না। আমরা সেটা মেনে নিয়েছি। কারণ, নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের ক্ষমতা সংবিধানে দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের সব নির্বাচন মন্ত্রণালয়ের পরামর্শে কমিশন করে দেয়। সিইসি বলেন, ‘আগামী নভেম্বর-ডিসেম্বর এই নির্বাচন করতে হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন আগামী ২৬ জুনের মধ্যে আমাদের অবশ্যই করতে হবে। যদি এ সময়ে করতে না পারি তাহলে আইনের ব্যত্যয় ঘটবে। এ জন্য আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার সীমানা পুনর্নির্ধারণ করছি।’ এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী শীত মৌসুমে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।