মে মাসে ঢাকায় আঞ্চলিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠান সহায়তা দেবে ইইউ
মে মাসে ঢাকায় একটি আঞ্চলিক জলবায়ু সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় কপ-১৬ সম্মেলনের আগে প্রস্তুতি হিসেবে এই আঞ্চলিক সম্মেলনটির আয়োজন করা হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে ঢাকাকে সহায়তা দিতে রাজি হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আঞ্চলিক সম্মেলনে কোন কোন দেশ অংশ নেবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর এতে অংশ নেওয়া সম্ভাবনা রয়েছে। গত সোমবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা দেখা করে এই সহায়তার ব্যাপারে আশ্বাস দেন। ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কুসেরেট, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সসহ বেশির ভাগ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতেরা এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা এই সম্মেলনটি একটি ফলপ্রসূ সম্মেলন হবে বলে আশা প্রকাশ করেন। তাঁরা এ ব্যাপারে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দেন।