মে মাসে ৯৪ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসে সারা দেশে বিভিন্ন কারণে ৯৪ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। আরও চারজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদের করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার মহিলা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৩৯২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে ৯১টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয় সাতজন। ধর্ষণের পর হত্যা করা হয় ছয়জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৬ জনকে। মাসটিতে অ্যাসিডদগ্ধ হয়েছে একজন। পাঁচজন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে এবং এর মধ্যে হত্যা করা হয়েছে একজনকে। আত্মহত্যা করতে বাধ্য হয় একজন। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয় ১৩ জন। এদের মধ্যে হত্যা করা হয় সাতজনকে।
প্রতিবেদনে বলা হয়, মাসটিতে ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে নয়জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৫ জনকে। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে দুটি। ১৬টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তি।