তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষে প্রতিদিন অভিযোগ নতুন সঞ্চালন লাইন হচ্ছে
মে মাসের আগে গ্যাস সংকট কমছে না!

শীত মৌসুম কাটলেও রাজধানীর গ্যাস-সংকট মে মাসের আগে কমছে না। এপ্রিল নাগাদ নতুন একটি সঞ্চালন লাইন যুক্ত হওয়ায় সংকট কিছুটা কমবে। তবে সার্বিক ক্ষেত্রে উৎপাদন এবং রাজধানীতে বরাদ্দ বাড়ানোর আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা যায়। শ্রীপুর থেকে গাজীপুরে একটি নতুন সঞ্চালন লাইন হচ্ছে। ধনুয়ায় এর স্টেশন হচ্ছে। এপ্রিল নাগাদ তা সম্পন্ন হবে। সেখান থেকে ঢাকায় ভালোভাবে গ্যাস আসার সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে ডেমরা, জয়দেবপুর ও আমিনবাজার—এই তিনটি পথে ঢাকায় গ্যাস ঢোকে। নতুন লাইনও গাজীপুরের জয়দেবপুরভিত্তিক।
যোগাযোগ করা হলে তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, ‘নতুন সঞ্চালন লাইন যুক্ত হলে নিঃসন্দেহে ঢাকার গ্যাস সরবরাহ নেটওয়ার্ক উপকৃত হবে। গাজীপুর ডিভিশনকে টার্গেট করে এই নতুন সঞ্চালন লাইন হচ্ছে। তবে পাশাপাশি ঢাকার জন্য গ্যাস বরাদ্দ বাড়াতে হবে। গ্যাসের পরিমাণ না বাড়লে সার্বিক উন্নতি হতে পারে না। তবে এলজি এলে উন্নতি হবেই।’
পরিচালক আরও বলেন, ‘বর্তমানে গ্যাসক্ষেত্রগুলো থেকে ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। এটা সর্বোচ্চ উৎপাদন। ঢাকায় ৩০০-এর কিছু বেশি গ্যাস দেওয়া হচ্ছে। দরকার ৩৬০-এর ওপরে। কিন্তু পেট্রোবাংলাকে সরবরাহ বাড়াতে বললেও লাভ হবে না। গ্যাস তো নেই, কোথা থেকে বাড়াবে?’
শীত মৌসুম শেষ হয়ে এলেও রাজধানীতে এখনো তীব্র গ্যাস-সংকট অব্যাহত আছে। নগরীর উত্তর ও দক্ষিণ অংশের অভিযোগ কেন্দ্রগুলোতে গ্যাস সমস্যা নিয়ে প্রতিদিনই অভিযোগ আসছে বলে কর্মকর্তারাই স্বীকার করেছেন। কর্মকর্তারা বলেছেন, গ্যাস নিয়ে কথা বলতে তাঁরা বিব্রতকর অবস্থায় পড়ছেন প্রতিদিন। অন্যদিকে বিভিন্ন এলাকার গ্রাহকেরা বলেছেন, গ্যাস বিল বাড়ছে, অথচ ঘরে গ্যাসের চুলা জ্বলছে না। বিষয়টিকে একরকম নিয়তি হিসেবেই মেনে নিতে হচ্ছে।
পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, গত প্রায় তিন মাস গ্যাস-সংকটের যে চিত্র, তা এখনো বহাল আছে। গেন্ডারিয়ার বাগিচা এলাকার কাঠ ব্যবসায়ী মো. আসলাম গ্যাস-সংকটে মাসের পর মাস পুরো এলাকাবাসী ভোগান্তিতে রয়েছে বলে জানান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এলাকায় গেলে তিনি গ্যাসের সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরে বলেন, কাছেই তাঁর বাসা হলেও গ্যাস-সংকটের কারণে রান্না হয় না, বাইরেই দুপুরের খাবার খেতে হয়। আসলামের দোকানে কাঠ কিনতে আসা আবদুল হান্নানের বাসা এস কে দাস রোডে। তিনি বলেন, শীত শুরুর আগে থেকেই গ্যাস-সমস্যা। এর শেষ কবে, তাঁরা জানতে পারছেন না।
তিতাসের অভিযোগ কেন্দ্রে জুরাইনের বিভিন্ন মহল্লায় গ্যাস না থাকার অভিযোগ আসছে প্রায় প্রতিদিন। তাঁতীবাজার, রাধিকা বসাক লেন, গোয়ালনগর, বাসাবাড়ি লেনে বিকল্প ব্যবস্থায় রান্না হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাজার দেউড়িতে তিতাসের গ্যাস পাওয়ার আশা বাদ দিয়ে অবশেষে গ্যাস সিলিন্ডার কিনেছেন অখিল চন্দ্র দে। সেখানে অনেকে স্টোভও কিনেছেন।
মিরপুর কাজীপাড়ার ইটখোলা বাজার এলাকা, সাড়ে ১১ নম্বর, পল্লবী সিটি ক্লাব মাঠের আশপাশের এলাকা, ১৪ নম্বরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন বহুতল ভবনগুলোর ঘরে ঘরে গ্যাস-সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা।
উত্তরার উত্তরখান, দক্ষিণখানের প্রায় সর্বত্র, মোহাম্মদপুরের বরাব মোহনপুর, আদাবর, শেখেরটেক, জাকির হোসেন রোড ও আশপাশের এলাকায় ঘরে ঘরে গ্যাস-সংকট।
তিতাস গ্যাস কোম্পানিতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির জরুরি নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, গ্যাস-সংকটের নিয়মিত অভিযোগ নিয়ে তাঁরা বিব্রতকর অবস্থা বোধ করেন। কিন্তু সরবরাহ না বাড়লে সমাধান দুষ্কর। তবে নতুন পাইপলাইনে সার্বিক নেটওয়ার্ক ভালো হওয়ার আশায় আছেন তাঁরা।