মে মাসের ভিজিডির চাল পাননি ১৭০ জন দুস্থ নারী
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে দুস্থ গোষ্ঠীর উন্নয়ন সহায়তা (ভিজিডি) প্রকল্পের গত মে মাসের চাল পাননি ১৭০ জন দুস্থ নারী। যদিও এর পরের পাঁচ মাসের চাল ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে।
এদিকে, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপকারভোগীদের টিপসই-সংবলিত মে মাসের চাল বিতরণের তালিকা (মাস্টাররোল) জমা দেওয়া হয়েছে; যা ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে, উপজেলা খাদ্যগুদামে চাল রয়েছে। শিগগিরই তা বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মে মাসের ভিজিডির চাল বিতরণের আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক চিঠিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হককে নহাটা ইউনিয়নের মে মাসের ভিজিডির চাল উত্তোলন ও বিতরণের জন্য ট্যাগ অফিসারের দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরবরাহ আদেশে (ডিও) স্বাক্ষর করে গুদাম থেকে চাল উত্তোলন করবেন। ওই চাল বিতরণ শেষে মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে উপকারভোগীদের স্বাক্ষর করা মাস্টাররোল জমা দেবেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মে মাসের চাল ছাড়ের নথিতে স্বাক্ষর করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকী। এ সম্পর্কে গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘তফসিল ঘোষণা করায় আমার পক্ষে মে মাসের ভিজিডির চাল উত্তোলন বা বিতরণের সুযোগ ছিল না। এ জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছিল। আমি চাল উত্তোলন ও বিতরণের কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি। মাস্টাররোলও জমা দিইনি।’
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. জিয়াউল হক বলেন, ‘চাল উত্তোলনের ব্যাপারে কোনো কাগজপত্র পাইনি। ফলে চাল উত্তোলন বা বিতরণের ব্যাপারে আমি কিছুই জানি না।’
জিজ্ঞাসা করা হলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন বলেন, ‘আমি ট্যাগ অফিসার ও খাদ্যগুদাম কর্মকর্তাকে যথাসময়ে চিঠি দিয়ে জানিয়েছি। পরে জানতে পেরেছি চাল বিতরণ না করেই মাস্টাররোল জমা দেওয়া হয়েছে।’
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘বিষয়টি নিয়ে বড় ধরনের ভুল হয়েছে। আমি সমাধানের চেষ্টা করছি। চাল খাদ্যগুদামেই আছে।’
ইউএনও মো. শাহীন হোসেন বলেন, ‘মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ওই সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু ওই ব্যাপারে ট্যাগ অফিসার বা অন্য কেউ আমাকে কিছুই জানাননি। কালই চাল উত্তোলন করে উপকারভোগীদের মাঝে বিতরণের ব্যবস্থা নেব।’