মেঘ এলে ভয় এস এম হলের ছাত্রদের
তীব্র গরমে আকাশের কোণে মেঘ করলে সবাই একটু স্বস্তি পায়—এই বুঝি বৃষ্টিটা নামল, ধরণী শীতল হলো। কিন্তু আকাশে মেঘ জমলে মনের কোণে মেঘ জমে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের কিছু ছাত্রের। কারণ, তাঁরা থাকেন হলের বারন্দায়। বই, জামা-কাপড় সব বারান্দাতেই।হলের ছাত্র হাসানুজ্জামান বলেন, প্রতিবছরই হলের বারান্দায় ৭০-৮০ জন ছাত্র থাকেন। তাঁরা সবাই প্রথম বর্ষের। শীত, গরমের সময় কোনোভাবে থাকা গেলেও কালবৈশাখী বা বর্ষার সময় তাঁদের সমস্যা প্রকট হয়ে ওঠে। ঝড়-বৃষ্টিতে ভিজে, রোদে শুকায় তাদের বিছানা-বইপত্র। এখানে পড়ালেখা করার কথা চিন্তাই করা যায় না।এস এম হলের বারান্দায় থাকেন ওইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্র হাসিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপীট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমরা থাকি হলের বারান্দায়। বৃষ্ঠি হলে বারান্দায় পানি জমে যায়। তখন অন্যকারো কক্ষে আশ্রয় নিতে হয়। বৃষ্ঠি না হলে সমস্যা রোদ। সব মিলিয়ে খোলা আকাশের নিচে থাকার মতোই অবস্থা’। তিনি বলেন, তারা হলের প্রাধ্যক্ষকে একাধিকবার তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ তারা দেখতে পাননি।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, এই হলে মাত্র ৩৭০ জনের আবাসনব্যবস্থা আছে। ছাত্ররা জানান, হলে থাকছেন হাজার-বারো শ ছাত্র। বারান্দা ছাড়া এই হলের চার শয্যার তিনটি কক্ষ (১২, ১১ ও ১৫৬) ব্যবহূত হচ্ছে গণরুম হিসেবে। এসব কক্ষে ২০-৩০ জন করে থাকেন।