মেঘ দেখলেই দিতে হয় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে নড়িয়া পৌরএলাকার শুভগ্রামের একটি বাড়ির উঠানে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে নড়িয়া পৌরএলাকার শুভগ্রামের একটি বাড়ির উঠানে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

‘আকাশে মেঘ দেখলেই কলিজায় আর পানি থাকে না। শিশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। তখন বাধ্য হয়েই বিদ্যালয় ছুটি দিয়ে দিতে হয়। নয় মাস যাবৎ এভাবেই খোলা আকাশের নিচে একটি বাড়ির উঠানে বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছি। এখন হাঁপিয়ে উঠেছি, এখন আর পারছি না।’ কথাগুলো বলতে বলতে চোখে পানি এসে যায় পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের। চোখের পানি মুছতে মুছতে তিনি আবার শিশুদের পাঠদানে মনোযোগী হলেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেদারপুর ইউনিয়নের সাহেবের চরে ছিল। গত বছর ২৬ জুন বিদ্যালয়ের দুটি পাকা ভবন পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর থেকে ওই বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার আজিজুল মোল্লার বাড়ির উঠানে।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯০০ সালে চর নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। ওই বিদ্যালয়ের ছয় কক্ষের দুটি পাকা ভবন ছিল। গত বছর পদ্মার ভাঙনে ভবন দুটি নদীতে বিলীন হয়ে যায়। তখন ওই বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থী পড়ালেখা করত। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তখন নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকায় আজিজুল মোল্লার বাড়ির উঠানে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম চালু করা হয়।
নয় মাসেও ওই বিদ্যালয়ের জন্য কোনো জায়গা ও ভবনের ব্যবস্থা করতে পারেনি প্রাথমিক শিক্ষা বিভাগ। প্রতি মাসে এক হাজার টাকা ভাড়ায় ওই বাড়ির উঠানটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে ২১২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ উঠানে চটে বসিয়ে একসঙ্গে তিনটি শ্রেণির পাঠদান চলছে।
গত মঙ্গলবার দুপুরে শুভগ্রামে আজিজুল মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, তিন দিকে বসতঘর, এক দিকে পাকের ঘর, আরেক পাশে মুরগি রাখার একটি বাক্স। তার মাঝখানে ৭৫০ বর্গফুটের মতো আয়তনের একটি উঠান। উঠানে চটের ওপর বসে আছে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির ৭৪ জন শিক্ষার্থী। তাদের পড়াচ্ছেন শিক্ষক নাজমা আক্তার ও রিমা শীল।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিদা আক্তার ও জীবন মালত জানায়, এভাবে উঠানে বসে তাদের পড়ালেখা করতে ভালো লাগে না। রোদ ও গরমে অনেক কষ্ট হয়। আকাশে মেঘ হলে বিদ্যালয় ছুটি হয়ে যায়।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত শরিফ ও নাহিম আক্তার জানায়, উঠানে সব শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পড়ানো হয়। এভাবে তাদের পড়ালেখা বুঝতে অসুবিধা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, ‘বিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন করার জন্য একটি জায়গা ও আর্থিক সহায়তা চেয়ে স্থানীয় সাংসদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদে আবেদন করা হয়েছে। কোনো স্থান থেকেই কোনো সাড়া পাচ্ছি না। কীর্তিনাশা নদীর পশ্চিম পাড়ে পদ্মা নদীর তীর ঘেঁষে ১০ শতাংশ জায়গা ভাড়া নেওয়ার প্রক্রিয়া চলছে। ওই স্থানে টিনের ঘর নির্মাণ করতে সাত লাখ থেকে আট লাখ টাকা লাগবে। এ টাকা আমাদের কে দেবে, সেই দুশ্চিন্তায় এখন আছি।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টি স্থাপন করার জন্য একটি জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।