মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্কে কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে ঢুকতে চায় না। অভিভাবকেরাও শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে শিক্ষকেরা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ করে দিয়েছেন।বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এখন শিশুদের পাঠদান করা হয়। এ চিত্র শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের শহীদ আক্কাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ১৯৭২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ১৯৮৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চার কক্ষবিশিষ্ট একটি একতলা ভবন নির্মাণ করে। ২০০৬ সাল থেকে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। গত জানুয়ারি থেকে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। এখন বিদ্যালয়ের মাঠে চলে পাঠদান। তীব্র রোদে খোলা আকাশের নিচে শিশুদের পড়াশোনা ব্যাহত হয়। আকাশে মেঘ দেখলেই ভয়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যায়। তখন বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়।গত বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছেন। বিদ্যালয় ভবনের ছয়টি স্তম্ভে, দেয়ালের ছয়টি স্থানে ও তিনটি কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে। ভবনটি পেছনের অংশের পূর্ব কোণ দেবে গেছে। প্রধান শিক্ষক রোমান সরদার বলেন, দীর্ঘদিন থেকেই বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ। ভয়ে অনেক শিশু বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে। অন্য ঘর না থাকায় মাঠে পাঠদান করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, একটি নতুন ভবন নির্মাণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও এলজিইডির প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর বলেন, ‘বিদ্যালয়ের মাঠে শিক্ষা কার্যক্রম চালানোর খবর আমার জানা নেই।’