মেঘ দেখে কেউ করিসনে ভয়

কী দারুণ মেলা! রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব নেই। গায়ে গায়ে ধাক্কা লাগার মতো ভিড় নেই, আবার এমন ফাঁকা নয় যে বিক্রেতাদের মন খারাপ হবে। ক্রেতা-বিক্রেতা সবার মুখেই হাসি। বিক্রি সন্তোষজনক। যেমনটি ছিল প্রথম দিন থেকেই।
অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহ শেষ হলো গতকাল বুধবার। আর এই সাত দিনে বাংলা একাডেমির তথ্যানুযায়ী, নতুন বই প্রকাশিত হয়েছে ৭২৯ টি। গত বছর প্রথম সপ্তাহে নতুন বই এসেছিল ৫৭২ টি। সে হিসাবে প্রথম সপ্তাহে বইয়ের সংখ্যা বেড়েছে ১৫৭। যদিও এ হিসাবটা আরও অনেক বেশি হবে, বলছেন প্রকাশকেরা। কেননা, সব বইয়ের হিসাব তথ্যকেন্দ্রে যায় না।
শহরের অন্য সব এলাকার মতো গতকাল মেলা প্রাঙ্গণেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে ছিল নানা রকমের আলোচনা। তবে প্রকাশকেরা খুব একটা চিন্তিত না। তাঁরা বলছেন, মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই। পার্ল পাবলিকেশনসের প্রকাশক হাসান জায়েদী বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক এ পরিস্থিতির প্রভাব মেলায় পড়বে না। অতীতে হরতাল-অবরোধেও আমরা মেলা করে এসেছি। বরং পথঘাট খালি থাকলে মেলায় পাঠক আসে বেশি।’
মেলার নিরাপত্তা তথা শহরের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি মেলার মোড়ক উন্মোচন মঞ্চে তরুণ লেখক কাজী জামশেদ নাজিমের একটি গল্পের গল্প বইটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে তিনি দেশের সম্পদ ও নাগরিকের নিরাপত্তা বিধানে কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করলে সে যে-ই হোক, যে পেশারই হোক, কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। আপনারা ভয় পাবেন না। আমরা দেশের বিনিয়োগ পরিবেশ ঠিক রাখব।’
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মেলায় ১৯০টি নতুন বই এসেছে। নতুন বইয়ের তালিকায় ছিল প্রথমা প্রকাশন থেকে আসা ওয়াসি আহমেদের একা দোকা। কথা প্রকাশ এনেছে মুনতাসীর মামুনের গবেষণাগ্রন্থ ঢাকার নওয়াব পরিবার, চন্দ্রাবতী একাডেমি এনেছে রফিকুন নবীর উপন্যাস হিটলারের উধাও ঘর ও চার্লির অন্তর্ধান, পাঠক সমাবেশ এনেছে জাহিদ হায়দারের গল্পের বই প্রেক্ষাপটের দাসদাসী। এ ছাড়া মেলায় বাংলা একাডেমি এনেছে সৈয়দ মোহাম্মদ শাহেদের সন্তোষ গুপ্ত এবং অনিন্দ্যপ্রকাশ এনেছে দ্বিজেন শর্মার নিসর্গ কথা। ইমদাদুল হক মিলনের বুমার বাড়িতে ভূতের উপদ্রব এনেছে পাঞ্জেরী পাবলিকেশনস, দেবব্রত মুখোপাধ্যায়ের নায়ক এনেছে ঐতিহ্য, নির্মলেন্দু গুণের মুজিব মঙ্গল এনেছে কবি প্রকাশনী, সিরাজুল ইসলাম চৌধুরীর ভূতের নয় ভবিষ্যতের রোদেলা প্রকাশনী, হরিশংকর জলদাসের তিতাস পাড়ের উপাখ্যান এনেছে গ্রন্থকুটির।
আজ মেলার অষ্টম দিন। চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।