মেঘ-বৃষ্টি সঙ্গে নিয়ে চট্টগ্রামে ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঈদের দিনটি ছিল বৃষ্টিমুখর। পরের দিন রোববারও আকাশজুড়ে মেঘের আনাগোনা। মাঝে মাঝে রোদের ঝলক, থেকে থেকে বর্ষণ। চট্টলাবাসী এবার মেঘ-বৃষ্টি সঙ্গে নিয়েই উদ্যাপন করেছে ঈদের আনন্দ। পরিবেশের বিরূপতাকে তেমন আমল না দিয়ে উৎফুল্ল নগরবাসী ভিড় জমিয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। তবে শহরের রাস্তাঘাট এখনো ফাঁকা। বেশির ভাগ দোকান ও হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে।চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত মাঠে না হয়ে মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাতের সময় নির্ধারিত ছিল সকাল নয়টায়। কিন্তু বৃষ্টির বেগ বেড়ে যাওয়ায় আধা ঘণ্টা আগেই নামাজ আদায় করা হয়। এ ছাড়া আন্দরকিল্লা শাহি জামে মসজিদেও ঈদের একটি বড় জামাত অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালাহ মাঠে ঈদের জামাতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। ঈদের দিন দুপুর থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকত, আগ্রাবাদ ও কাজীর দেউরির শিশুপার্ক, ফয়’স লেক, জিয়া স্মৃতি পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় জমে। এসব স্থানে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল বেশি।