
রাজশাহীর পবা উপজেলার বায়া গ্রামে এক গেরস্ত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই তারে বসা দুর্লভ এক পাখির দেখা পেলাম। যদিও আগে দেখেছি অনেকবার, কিন্তু লম্বা ঠোঁটের নীল-কমলা পাখিটি যেভাবে লেজ দোলাচ্ছিল, তাতে না হেসে পারলাম না। বেশ কয়েকটি ছবি নেওয়ার পর হঠাৎ করেই তিরবেগে উড়ে গেল। আর খুঁজে পেলাম না। আশপাশে বেশ কয়েকটি পুকুর দেখলাম। কাজেই মাছখেকো পাখিটি কোথায় যেতে পারে, তা অনুমান করতে বেগ পেতে হলো না।
সারসের মতো লম্বা ঠোঁটের এই পাখি এ দেশের দুর্লভ এক মাছরাঙা পাখি মেঘ হও (Stork-billed Kingfisher)। গুরিয়াল বা মঘু মাছরাঙা নামেও পরিচিত। Dalcelonidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম pelargopsis capensis.
মেঘ হও সারস-ঠোঁটি মাছরাঙা। ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ৩৫-৩৮ সেন্টিমিটার। ওজনে স্ত্রী ১৮২-২২৫ গ্রাম ও পুরুষ ১৪৩-১৮০ গ্রাম । প্রাপ্তবয়স্ক পাখির মাথাসহ মুখমণ্ডল কালচে-বাদামি। পিঠ ও লেজের উপরিভাগ নীল। ডানা নীল-সবুজ। ঘাড়-গলা হলুদ। বুক ও পেট হলদে-কমলা, গলায় একই রঙের বৃত্ত। চোখ গাঢ় বাদামি। ছোরার মতো লম্বা ৯ সেন্টিমিটার ঠোঁটটি রক্তলাল, যার গোড়া কালচে ও আগা কালো। পা ও পায়ের পাতা প্রবালের মতো লাল এবং নখ কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহের পালক অধিক কমলা ও বুকে ডোরা থাকে।
মেঘ হও দুর্লভ আবাসিক পাখি। সুন্দরবনসহ দেশজুড়েই আছে। বন-বাগানের জলধারা, নদী, খাল, সেচের নালা, পুকুর, খাঁড়ি ইত্যাদিতে বিচরণ করে। নিজের এলাকায় অন্য প্রজাতির পাখিকে, তা সে সারসের মতো বড় পাখিও হোক না কেন, বরদাশত করে না, তাড়িয়ে নিয়ে যায়। অত্যন্ত লাজুক এই মাছরাঙার ডাক অহরহ শোনা যায়, কিন্তু দেখা যায় কম। কারণ এরা গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে। জলাশয়ের ধারের ছায়াময় গাছে বসে শিকারের অপেক্ষায় থাকে। মাছ ছাড়া টিকটিকি, সরীসৃপ, কীটপতঙ্গ, অন্য পাখির ছানা ইত্যাদিও খেতে পারে।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রজননকাল। পুকুর, জলাশয় ইত্যাদির খাড়া পাড়ের দেয়ালে প্রায় ১০০ সেমি দীর্ঘ ও ১০ সেমি চওড়া সুড়ঙ্গ কুঁড়ে বাসা করে। সাদা রঙের ৪-৫টি ডিম পাড়ে, যা ১৮-২৬ দিনে ফোটে। স্ত্রী-পুরুষ উভয়েই তা দেয় ও বাচ্চাদের যত্ন করে। ওড়া শিখে স্বাবলম্বী হতে বাচ্চাদের ৩৬-৪০ দিন লাগে।