মেঘকে জিজ্ঞাসাবাদে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের মামলা তদন্তে তাঁদের শিশুপুত্র মিহির সরওয়ার মেঘকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস। ছয় বছরের শিশু মেঘকে জিজ্ঞাসাবাদ বন্ধ এবং মামলার তদন্ত দ্রুত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।গতকাল শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডারসের এক বিবৃতিতে বলা হয়, ‘কয়েক সপ্তাহ ধরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শিশু মেঘকে জিজ্ঞাসাবাদ করছে। ছয় বছরের একটি শিশুকে, যে কি না তার বাবা-মায়ের হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ বেআইনি এবং অমানবিক। দেরি না করে এটা বন্ধ করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ‘আপনি যথার্থই বলেছেন যে সবার শয়নকক্ষ পাহারা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব।’