মেঘদল ব্যান্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন, আদেশ ১ ডিসেম্বর
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ‘মেঘদল’ ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। ২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদনটি করেন মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়ে আদেশের জন্য ১ ডিসেম্বর তারিখ ধার্য করেন। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী মুহিউদ্দিন মাহী।
বাদীর জবানবন্দি রেকর্ড ও আবেদনের বিষয়ে আদেশের তারিখ ধার্যের বিষয়ে আদালত উল্লেখ করেছেন, ইমরুল হাসান (বাদী) আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়। এ বিষয়ে ১ ডিসেম্বর আদেশ দেওয়া হবে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মেঘদল ব্যান্ডের সাতজনের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর আদালতে নালিশি মামলা করেছিলেন আইনজীবী ইমরুল হাসান। আদালত সেদিন মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেছিলেন আদালত।
মামলায় মেঘদল ব্যান্ডের যে সাতজনকে আসামি করা হয়, তাঁরা হলেন গিটারিস্ট ও ভোকাল রাশিদ শরীফ শোয়েব, ভোকাল শিবু কুমার শিল, মেজবা উর রহমান, বেস গিটারিস্ট এম জি কিবরিয়া, ড্রামার আমজাদ হোসেন, কি–বোর্ডবাদক তানভীর দাউদ রনি ও বাঁশিবাদক সৌরভ সরকার।