মেঘদূত-শুকতারাদের শুধু মাকেই প্রয়োজন

২৬ মার্চ সবাই যখন স্বাধীনতা দিবস উদ্যাপনে ব্যস্ত তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মা পাশের বিছানার একজনকে তাঁর নবজাতককে একটু দেখার জন্য বলে বাইরে যান। সেই মা আর ফিরে আসেননি। পরে অনেক হাত ঘুরে সেই কন্যাশিশুর ঠাঁই মেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত রাজধানীর আজিমপুরের ছোটমনি নিবাসে। সেখানে তার নাম দেওয়া হয় ‘শুকতারা’।
তিন সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন গত ২৭ এপ্রিল আরেকজনের ঠাঁই হয় ছোটমনি নিবাসে। তার নাম দেওয়া হয় ‘মেঘদূত’। সে ছেলেশিশু।
গত ২৪ এপ্রিল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালের ফটকের কাছে এক মা সন্তান প্রসব করেন। তারপর টয়লেটে যাওয়ার কথা বলে তিনি চলে যান। তিনি আর আসেননি। এই মা হলেন মেঘদূতের মা। এই দুই মা কোন বাস্তবতার কারণে নিজের সন্তান ফেলে গেছেন তা এখনো অজানা। তবে মেঘদূত ও শুকতারাকে যাঁরা মায়ের যত্ন দিয়ে বড় করে তোলার চেষ্টা করছেন তাঁরা জানেন কাজটা কত কঠিন। কেননা এই সময়ে তাদের শুধুই মায়ের আদর-যত্ন প্রয়োজন।
আজ রোববার দুপুরে মেঘদূত ও শুকতারার দেখা মেলে ঢাকা শিশু হাসপাতালে। শুকতারা পাতলা পায়খানা ও ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে শুকতারার ছুটি মিলেছে। তবে মেঘদূতকে আরও কত দিন হাসপাতালে থাকতে হবে তা চিকিৎসকেরা কিছু জানাননি। দুপুরে ছোটমনি নিবাসের একজন শুকতারাকে নিয়ে নিবাসে ফিরে যান।
মেঘদূতের হার্টের সমস্যা আছে বলে মনে করছেন চিকিৎসকেরা। ছোট এতটুকু শরীর। বলতে গেলে প্রায় নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রয়েছে। মুখের ছোট মাস্কটিতে নাড়া দিলেই কেবল প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। শুকতারা ও মেঘদূত দুজন হাসপাতালের আলাদা জায়গায় ছিল। ছোটমনি নিবাসের জনবল কম, তাই বলে-কয়ে তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে পাশাপাশি বিছানায় রাখা হয়। ছোটমনি নিবাসের শিশুদের দেখভালের দায়িত্ব পালনকারী ‘খালাম্মা’রা পালা করে তাদের দেখভাল করেন হাসপাতালে।
হাসপাতালেই কথা হয় ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের সঙ্গে। মেঘদূত ও শুকতারার পেছনে হাসপাতালে ছুটতে ছুটতে তিনি নিজেই খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি জানালেন, এ ধরনের ঘটনা নতুন নয়। কোনো কোনো মা সন্তান জন্ম দিয়েই ফেলে চলে যান অজানা কোনো কারণে। অনেক ক্ষেত্রে পরিবার ও সমাজের চাপেও সেই মা কাজটি করতে বাধ্য হন। তারপর সেই নবজাতকের দায়িত্ব নিতে হয় ছোটমনি নিবাসকে। নিবাসে জনবলসংকট প্রকট। এত ছোট শিশুর খাওয়ানো, পরিচর্যা করার জন্য সার্বক্ষণিক একজনকে নিয়োগ দেওয়া প্রয়োজন হলেও তা দেওয়া সম্ভব হয় না। তার পরও চেষ্টা করা হয়, এদের যাতে কোনো অযত্ন না হয়।
সেলিনা আক্তারা গত জানুয়ারি মাসে নিবাসে উপতত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন। এরপর মার্চে পেয়েছেন শুকতারাকে। এপ্রিলে পেয়েছেন মেঘদূতকে। আর চলতি মাসে পেয়েছেন মায়ের কোল থেকে চুরি হয়ে যাওয়া যুবরাজকে। হারিয়ে যাওয়া, চুরি হওয়া ও পরিত্যক্ত মিলে নিবাসে এখন মোট শিশু ৩৬ জন (৭ বছর বয়স পর্যন্ত এখানে থাকতে পারে)।
সেলিনা আক্তার বলেন, ‘হাসপাতালে ভর্তি করলেই চিকিৎসকেরা মায়ের দুধ খাওয়ানোর কথা বলেন। এদের তো মা- ই নেই। বুকের দুধ কোথায় পাব? নিবাসের শিশুদের কোলে নিলে তারা বুকের সঙ্গে মিশে যায়। তারপর শুধুই তাদের দীর্ঘশ্বাস অনুভব করি।’