মেঘনা আর কয়েক মিটার এগোলেই ভাঙবে হাতিয়ার তমরদ্দি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলার হাতিয়ার নৌবন্দরখ্যাত তমরদ্দি বাজারটি ধীরে ধীরে মেঘনাগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বাজারসংলগ্ন তমরদ্দি লঞ্চঘাট এলাকা, ঘাটের উত্তরে ক্ষিরোদিয়া ও দক্ষিণে আঠারবেকী গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকা প্রতিনিয়ত ভাঙছে। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ বছরে মেঘনার ভাঙনে লঞ্চঘাট, বেড়িবাঁধ, আজমার ও কাটাখালী স্লুইস গেট, প্রায় তিন হাজার বসতবাড়ি ও প্রায় ১০ হাজার একর ফসলি জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। গত এক বছরে ক্ষিরোদিয়া ও আঠারবেকী গ্রামের ৯০ ভাগ মেঘনাগর্ভে হারিয়ে গেছে। প্রায় ৫০০ পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছে এবং ৩০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। সরেজমিনে দেখা গেছে, তমরদ্দি বাজার থেকে মেঘনাপাড়ের দূরত্ব এখন মাত্র দুই মিটার। বাজারের আশপাশের এলাকায় প্রায় এক হাজার দোকানপাট, সোনালী ব্যাংক, উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র, ভূমি কার্যালয়, পুলিশ ফাঁড়ি ও খাদ্যগুদামের দুটি ভবন রয়েছে। নদী ভাঙন অব্যাহত থাকায় বাজারের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তমরদ্দি বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভাঙতে ভাঙতে মেঘনা এখন তমরদ্দি বাজার ঘেঁষে অবস্থান করছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে কয়েক মাসের মধ্যে বাজারটি মেঘনাগর্ভে হারিয়ে যাবে।’ একই মন্তব্য করেন চা-দোকানদার জামাল উদ্দিন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে লক্ষ্মণ সাহা, ঈমাম হোসেন, সুভাষ মজুমদার মোল্লা, মো. ইব্রাহিমসহ অনেক বড় বড় ব্যবসায়ী তমরদ্দি বাজার থেকে তাঁদের অধিকাংশ ব্যবসা-বাণিজ্য ও বাসাবাড়ি উপজেলা সদরে স্থানান্তর করেছেন। বাকি ব্যবসায়ীদের অনেকেই তাঁদের দোকানপাট অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করছেন বলে জানান।নোয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছর হাতিয়ার ‘তমরদ্দি ও বাংলাবাজার রক্ষা প্রকল্প’ পাউবোর প্রধান কার্যালয়ে দাখিল করা হয়। প্রকল্পের অধীন তমরদ্দি বাজারসংলগ্ন এক কিলোমিটার এবং বাংলাবাজারসংলগ্ন ২ দশমিক ২ কিলোমিটারে জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে ভাঙন রোধের প্রস্তাব করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা। তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই কমিটির অনুমোদন শেষে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। তবে প্রকল্পের ব্যয় বরাদ্দের প্রস্তাবনা পাঁচ কোটি কমিয়ে ৬২ কোটি টাকা করা হয়। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে।’