মেঘনা ও মুরাদনগরে ভোটার বেড়েছে অস্বাভাবিক হারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা ও মুরাদনগর উপজেলার তিনটি ইউনিয়নে ভোটার নিবন্ধনের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব এলাকায় প্রায় ৫ শতাংশ ভোটার বেড়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয় ওই বিষয়ে ব্যাখ্যা চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছে। শিগগিরই ওই প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ মার্চ থেকে মেঘনা উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৩০ এপ্রিল ওই উপজেলার ভোটার নিবন্ধনের কাজ শেষ হয়। এতে আট হাজার ৭২৬ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৬০১ জন এবং নারী তিন হাজার ১২৫ জন। তা ছাড়া স্থানান্তরিত ভোটারের সংখ্যা এক হাজার ৬৫ জন এবং অতীতে ভোটার তালিকা নাম উঠিয়েছে, কিন্তু আঙুলের ছাপ নেওয়া হয়নি এ রকম রয়েছেন আটজন। সব মিলিয়ে ওই উপজেলায় নয় হাজার ৭৯৯ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শর্তমতে, জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী ওই এলাকায় ৮ শতাংশ ভোটার বাড়ার কথা, কিন্তু মেঘনা উপজেলায় ভোটার বেড়েছে ১২ দশমিক ৯১ শতাংশ। উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ মে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এর ব্যাখ্যা চেয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চিঠি দেন। চিঠি পাওয়ার ৪০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান বলেন, ‘বিদেশফেরত পুরুষের সংখ্যা বেড়ে যাওয়ায় মেঘনায় ভোটারের সংখ্যা বাড়ছে। মেঘনার বেশির ভাগ লোক ঢাকায় থাকেন, তাঁরা সামনের জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ রেখে এলাকায় ভোটার হয়েছেন। তা ছাড়া ওই এলাকার নারীদের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। হয়তো বাচ্চাদের নিয়ে হাজির হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে নাম উঠে গেছে। এখানে ভুয়া ভোটার নেই, অ্যাকচুয়ালি।’ মেঘনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘চেয়ারম্যানদের কাছ থেকে জন্মসনদ নিয়ে অনেকে ভোটার হয়েছেন। সন্দেহভাজন ৮০ জন ব্যক্তির বয়স পূরণ না হওয়ায় আমরা তাঁদের ফরম আটকে রেখেছি। এ উপজেলায় নতুন করে ১২ দশমিক ৯১ শতাংশ ভোটার হয়েছেন।’গত মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ভোটার তালিকায় নাম নিবন্ধনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ওই তিন ইউনিয়নে নিবন্ধিত ভোটারের সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার বলেন, ‘কুমিল্লার মেঘনা উপজেলায় অস্বাভাবিক হারে ভোটার বেড়ে গেছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। তাঁর চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’